IPL 2023: শুভমান আইপিএলে ছুঁলেন কোহলির নজির, গিল পকেটে রাখতে চান কোন পিচ?
আইপিএলের কোনও মরশুমে সবচেয়ে বেশি শতরানের নজির রয়েছে বিরাট কোহলি ও জস বাটলারের। গুজরাত টাইটান্স ফাইনালে গেলে সেই নজির স্পর্শ করে ফেলতে পারেন শুভমান গিল। ২৩ বছর বয়সেই তিনি এখন রান মেশিন!
চলতি আইপিএলে তৃতীয় শতরান করার ফাঁকে শুভমান গিল স্পর্শ করে ফেললেন ঈর্ষণীয় রেকর্ড। আইপিএলের ইতিহাসে তৃতীয় তথা বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও একটি মরশুমে সাড়ে আটশো রানের মাইলস্টোন স্পর্শ করে ফেললেন গিল।

দ্বিতীয় কোয়ালিফায়ারে আমেদাবাদে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমান করেন ১২৯ রান। যার সুবাদে ১৬ ম্যাচে ১৬টি ইনিংসে ২ বার অপরাজিত থেকে তাঁর মোট রান এখন ৮৫১। গড় ৬০.৭৯, স্ট্রাইক রেট ১৫৬.৪৩। ১৯ বলে ৩০ রানের মাথায় জীবন পান। তারপরই বিধ্বংসী মেজাজে খেলে মুম্বইয়ের কাজ কঠিন করে দেন।

শুভমানের আগে আইপিএলের কোনও একটি মরশুমে সাড়ে আটশোর উপর রান রয়েছে মাত্র দুজনের। বিরাট কোহলি ২০১৬ সালে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন চারটি শতরান ও ৭টি অর্ধশতরান-সহ ১৬ ম্যাচে ১৬ ইনিংসে চারবার অপরাজিত থেকে ৯৭৩ রান করে। সেবার একটি ম্যাচে শূন্যেও আউট হন কিং কোহলি।
আইপিএলে গত বছর ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ২ বার অপরাজিত থেকে রাজস্থান রয়্যালসের জস বাটলার ৮৬৩ রান করেছিলেন। তিনি চারটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। গুজরাত টাইটান্স টানা দ্বিতীয়বার ফাইনাল খেললে বাটলারের রান টপকে যাওয়ার সুযোগ পাবেন গিল।

আইপিএলের কোনও মরশুমে সর্বাধিক রানের বিরাট কোহলির রেকর্ড (৯৭৩) শুভমান এবার ভাঙতে পারবেন না ঠিকই, কিন্তু আর ১৩ রান করলেই আইপিএলের একটি মরশুমে সবচেয়ে বেশি রান করার নিরিখে চলে আসবেন বিরাট কোহলির পরেই। ডেভিড ওয়ার্নার ২০১৬ সালে করেন ৮৪৮ রান।

ফলে আইপিএলের একটি মরশুমে আটশো রান শুভমান করলেন চতুর্থ ব্যাটার হিসেবে। যার মধ্যে পাঁচশোর বেশি রান করেছেন আমেদাবাদে। আইপিএলে কোনও মরশুমে সবচেয়ে বেশি শতরানের নজির রয়েছে যুগ্মভাবে বিরাট ও বাটলারের দখলে। দুজনেই চারবার করে শতরান করেছিলেন।
এবার শুভমান তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করলেন। তার মধ্যে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি দলকে জিতিয়ে অপরাজিত ছিলেন ৯৪ রানে। মে মাসে শুভমানের রানগুলি যথাক্রমে ৬, ৩৬, অপরাজিত ৯৪, ৬, ১০১, অপরাজিত ১০৪, ৪২ ও ১২৯। দলকে ভালো স্কোরে পৌঁছে দিতে পেরে তৃপ্ত শুভমান।

আমেদাবাদে প্রচণ্ড গরম ছিল। যদিও বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে। শুভমান বলেন, প্রচুর ঘাম হয়েছে, চোখেও তা গিয়েছে। কোন দিকের বাউন্ডারি ছোট সেটা বুঝে টার্গেট স্থির করেছি। প্রতিপক্ষ বোলাররা যখন নতুন বলে ভালো বল করছিলেন তখন দু রান নেওয়ার পাশাপাশি ছোট বাউন্ডারির দিকেই শট খেলার পন্থা বেছে নিই।
শুভমান বলেন, দুই ওভারের পর থেকেই বল স্যুইং করেনি। খেলা সহজ হয়ে গিয়েছিল। রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে শুভমান বলেন, যদি সম্ভব হতো তাহলে সব জায়গাতেই আমেদাবাদের পিচ পকেটে নিয়ে ঘুরতাম। উল্লেখ্য, গত নভেম্বরে শুভমান ইডেনে কেরিয়ারের প্রথম টি ২০ শতরান পেয়েছিলেন।

এরপর ভারতীয় দলের হয়ে দুটি টেস্ট শতরান, টি ২০ আন্তর্জাতিকে একটি শতরান করেছেন। একদিনের আন্তর্জাতিকে শুভমানের চারটি শতরান রয়েছে। যার মধ্যে গত বছর অগাস্টে একটি শতরান জিম্বাবোয়ের বিরুদ্ধে। চলতি বছর তিনি তিনটি ওডিআই শতরান পেয়েছেন। আইপিএলেও এবার পেলেন তিনটি শতরান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications