IPL 2023: আইপিএল ফাইনাল জিতে একাধিক নজির চেন্নাই সুপার কিংসের, একনজরে পরিসংখ্যান
আইপিএলের ষোড়শ সংস্করণে চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আমেদাবাদে মধ্যরাতের পর পাঁচ উইকেটে গুজরাত টাইটান্সকে হারিয়েছে সিএসকে। শেষ দুই বলে যথাক্রমে ছক্কা ও চার মেরে হিরো রবীন্দ্র জাদেজা।
আইপিএলের ট্রফি পঞ্চমবার উঠল ক্যাপ্টেন কুলের হাতে। সুপার কিংসের কিং তা তুলে এই ফাইনাল খেলে অবসর নেওয়া অম্বাতি রায়ুডু ও উইনিং শট মেরে ফেরা সিএসকের পোড়খাওয়া সেনাপতি রবীন্দ্র জাদেজার হাতে। ফাইনাল-সহ একনজরে এবারের আইপিএলের উল্লেখযোগ্য পরিসংখ্যান।

আইপিএলে পঞ্চমবার খেতাব জিতে সিএসকে স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। রোহিত শর্মা এতদিন ছিলেন আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচবার ট্রফি জিতে রোহিতের সেই নজির ছুঁলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনালে উঠে জিতেছে ৫ বার। সিএসকে এই নিয়ে ১০ বার ফাইনাল খেলল।

চেন্নাই সুপার কিংস এই নিয়ে সপ্তম টি ২০ ট্রফি জিতল। মুম্বই ইন্ডিয়ান্স ও দক্ষিণ আফ্রিকার টাইটান্সও সাতটি করে টি ২০ ট্রফি জিতেছে। একমাত্র শিয়ালকোট স্ট্যালিয়ন্স আটটি টি ২০ ট্রফি জিতেছে। আইপিএলে সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে জাদেজা অপরাজিত থাকলেন ২৬ বার, ধোনি এই নিরিখে ২৭ বার নট আউট থেকেছেন।

শেষ বলে চার বা তার বেশি রান দরকার, এই অবস্থা থেকে কোনও দল টি ২০ ফাইনাল জিতল এই নিয়ে তৃতীয়বার। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে ভারতকে জেতান দীনেশ কার্তিক। ২০২১-এর সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে তামিলনাড়ুর ৫ রান দরকার ছিল, শেষ বলে জেতান শাহরুখ খান।

২০১১ সাল থেকে শুরু হয়েছিল প্লে-অফ ফরম্যাট। এই নিয়ে টানা ষষ্ঠবার প্রথম কোয়ালিফায়ার জেতা দল খেতাব জিতল। সবমিলিয়ে ১৩ বারের মধ্যে ১০ বার। ২০১৩ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে জেতার পর চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালে এলিমিনেটর জিতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

গুজরাত টাইটান্স ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল, যা আইপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড। সবচেয়ে বেশি রান তুলেও হারার নিরিখেও। ২০১৬ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে গিয়ে আরসিবি থেমেছিল ৭ উইকেটে ২০০। সেই নজির ভাঙল এবারের ফাইনালে।
আইপিএল ফাইনালে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে বি সাই সুদর্শন থাকলেন তৃতীয় স্থানে। ২০১৪ সালের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ঋদ্ধিমান সাহা করেছিলেন অপরাজিত ১১৫। ২০১৮ সালে সানরাইজার্সের বিরুদ্ধে ১১৭ রানে অপরাজিত থেকে সিএসকের খেতাব জয় নিশ্চিত করেছিলেন শেন ওয়াটসন।

আইপিএল ফাইনালে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের নিরিখে সুদর্শন রইলেন দ্বিতীয় স্থানে। সুদর্শন ২১ বছর ২২৫ দিনের মাথায় আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করেন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মনন ভোরা আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করেছিলেন ২০ বছর ৩১৮ দিনে।

সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে আইপিএল ফাইনালে অর্ধশতরানের রেকর্ড রইল ঋদ্ধিমান সাহার নামের পাশে। ২০২৩ সালের আইপিএলে এই নিয়ে আমেদাবাদে ২০০-র বেশি রান হলো আমেদাবাদে। সিএসকের তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৫৬ রান দেন। যা আইপিএল ফাইনালে বোলারের খরচ করা রানের নিরিখে যুগ্ম দ্বিতীয়।
২০২১ সালের আইপিএল ফাইনালে লকি ফার্গুসন ৪ ওভারে ৫৬ রান দেন। আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড শেন ওয়াটসনের দখলে। তিনি ২০১৬ সালে সানরাইজার্সের বিরুদ্ধে ৬১ রান খরচ করেছিলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications