IPL 2023: আমেদাবাদের মাঠ যেন সরোবর! বৃষ্টিতে ফাইনাল ধুয়ে গেলে কারা আইপিএল চ্যাম্পিয়ন?
আইপিএলে ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আজ দুই দলের সমর্থকরাই ভিড় জমিয়েছেন হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায়। কিন্তু আজ আদৌ খেলা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। ডিজে নিউক্লেয়া (DJ Nucleya)-র তালে মেতেও উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা। অনুষ্ঠানের আগে যে মিউজিক বাজানো হয় সেই পর্ব চলছিল। তারই মধ্যে প্রবল ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই এই বিপত্তি।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে টসের আগেও বৃষ্টি নেমেছিল। কিন্তু সেদিন বৃষ্টি দীর্ঘ সময় ধরে চলেনি। আজ এই প্রতিবেদন লেখা অবধি বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যেও খেলা শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। মহেন্দ্র সিং ধোনির নামে জয়ধ্বনিও দিচ্ছেন তাঁরা।
আজকের ফাইনাল দেখতে লক্ষাধিক ক্রিকেটপ্রেমীর হাজির থাকার কথা রয়েছে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যদিও আজ বৃষ্টির প্রাবল্য এতটাই আউটফিল্ডের অনেকটা অংশে জল দাঁড়িয়ে গিয়েছে। তা সুপার সপার দিয়ে কতটা দ্রুত শুষে নেওয়া যাবে সেটাই কিউরেটর ও মাঠকর্মীদের কাছে চ্যালেঞ্জিং।

প্রথমে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। পিচ ও মাঠের কিছুটা অংশ কভার দিয়ে ঢাকা দেওয়া হয়। কিন্তু ঝোড়ো হাওয়ায় সেই কভারই কিছুক্ষণের মধ্যে উড়ে যায়। টসের মিনিট ১৫ আগে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আজ যদি খেলা না হয় তাহলে কাল রিজার্ভ ডে-তে খেলা হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, রাত ৯টা ৪০ বেজে গেলেই আর পুরো ২০ ওভারের ম্যাচ হবে না। পাঁচ ওভারের ম্যাচের জন্য সর্বশেষ রাত ১১টা ৫৬ মিনিট অবধি অপেক্ষা করা হবে বলে জানাচ্ছে চেন্নাই সুপার কিংস। যদিও সম্প্রচারকারী সংস্থার দাবি, রাত ১২টা ৬ মিনিট অপেক্ষা করা হবে ৫ ওভারের ম্যাচ করার জন্য।

যদি তা সম্ভব না হয় তাহলে রিজার্ভ ডে-তে চলে যাবে ফাইনাল। কাল নির্ধারিত সময়েই শুরু হবে আইপিএল ফাইনাল। রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় তখনও এমন নিয়মই মেনে চলা হবে। বৃষ্টিতে যদি খেলা করা না যায় তাহলে রিজার্ভ ডে-তে সুপার ওভারের বন্দোবস্ত করা যাবে। কিন্তু যদি সুপার ওভারও না হয় তাহলে বেছে নিতে হবে অন্য পথ।
লিগ পর্বের শেষে গুজরাত টাইটান্স ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। চেন্নাই সুপার কিংস দখল করেছিল দ্বিতীয় স্থান। প্রথম কোয়ালিফায়ারে সিএসকে হারিয়ে দেন গুজরাতকে। কিন্তু দুই দিনই বৃষ্টিতে ফাইনালে ধুয়ে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাত টাইটান্স। সেক্ষেত্রে হার্দিক নিজে স্পর্শ করবেন রোহিত শর্মার কীর্তি।

রোহিতই একমাত্র যিনি ৬ বার আইপিএল খেতাব জিতেছেন, হিটম্যান প্রথম আইপিএল খেতাব জেতেন ডেকান চার্জার্সে থাকাকালীন। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে পরপর দু বছর খেতাব জিতেছে। বৃষ্টিতে ফাইনাল খেলা না হলে হার্দিকের গুজরাত টাইটান্স তৃতীয় দল হিসেবে সেই নজির স্পর্শ করবে।
আর খেলা যদি হয় এবং তাতে চেন্নাই সুপার কিংস জেতে তাহলে ধোনিরা স্পর্শ করবেন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচটি খেতাব জয়ের নজির।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications