IPL 2023: গম্ভীরকে দেখেই কোহলি-কোহলি স্লোগান! লখনউয়ের মেন্টর কী করলেন? দেখুন ভিডিও
লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএলের ম্যাচ ছিল গতকাল লখনউয়ের একানা স্টেডিয়ামে। বিরাট কোহলি তখন দিল্লিতে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরকে দেখেই ক্রিকেটপ্রেমীরা তুললেন কোহলি-কোহলি স্লোগান।
বৃষ্টিতে লখনউ বনাম চেন্নাই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই দলেরই পয়েন্ট এখন ১১। তারই মধ্যে ভাইরাল, গম্ভীরকে উদ্দেশ করে ফ্যানেদের কোহলির নামে জয়ধ্বনি দেওয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সোমবার লখনউয়ে পরাস্ত হয় লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ চলাকালীন বিরাট কোহলির অ্যাগ্রেসন ম্যাচের উত্তাপ বাড়িয়ে দেয়। কোহলি লখনউয়ের দর্শকদের দিকে ইশারা করে আরসিবিকে সমর্থনের ডাক দেন। ক্যাচ ধরার পর মুখে আঙুল দিয়ে লখনউয়ের সমর্থনকারীদের চুপ থাকার ইশারা করেন।
গৌতম গম্ভীর বেঙ্গালুরুতে একইভাবে আরসিবির নামে জয়ধ্বনি বন্ধের ইশারা করেছিলেন। ম্যাচের পর কোহলি ড্রেসিংরুমে বুঝিয়ে দেন ইট ছুড়লে পাটকেল খেতে তৈরি থাকতে হবে। ম্যাচ চলাকালীন নবীন উল হকের সঙ্গেই বাকযুদ্ধে জড়ান কোহলি। নবীন তাঁর জুতোর তলায় থাকেন, তেমন ইশারার অভিযোগও ওঠে।

ম্যাচের শেষে ফের বিরাট-নবীন ঝামেলায় জড়ান। এরপর কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বাকযুদ্ধ শুরু হয়। ২০১৩ সালেও আরসিবির বিরাট কোহলির সঙ্গে তৎকালীন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর বাকযুদ্ধে জড়ানোর স্মৃতি উস্কে দেয় লখনউয়ের ঘটনা। বিরাট, গম্ভীর ও নবীনকে আর্থিক জরিমানা করেছে আইপিএল।
অনেকেই মনে করছেন, এই ধরনের ঘটনা বন্ধে আরও কঠোর শাস্তি দেওয়া উচিত। এরই মধ্যে লখনউয়ে গতকালের ঘটনা। বৃষ্টির জেরে লখনউয়ের ইনিংস ১৯.২ ওভার পর্যন্ত চলেছিল। তারপর আর খেলা হয়নি। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গৌতম গম্ভীর সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। তাঁর সঙ্গে অমিত মিশ্র ছিলেন। যিনি বিরাটের সঙ্গে বাদানুবাদের সময়ও ছিলেন।

গম্ভীরকে উদ্দেশ করে খুব কাছ থেকে কোহলি-কোহলি স্লোগান দিতে থাকেন কয়েকজন ক্রিকেটপ্রেমী। গৌতম গম্ভীর কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে তাঁদের দিকে তাকান। এরপর ড্রেসিংরুমের দিকে চলে যান। গম্ভীর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এরপরও লখনউয়ের মেন্টরকে নিজেদের মাঠে বা অন্যত্র এমন পরিস্থিতিতে পড়তে হয় কিনা তা নিয়ে চর্চা চলছে।
This is brutal ragging from the crowd. 😂 #LSGvsCSK #ViratKohli #GautamGambhir pic.twitter.com/q13QRBdKDS
— ESCN 18 🤙 (@EddyTweetzBro) May 4, 2023
বিরাট ইতিমধ্যেই নিজের শহর দিল্লিতে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মন্দিরেও ঘুরে এসেছেন। গাড়িতে অনুষ্কার সঙ্গে বিরাটের সেলফি দেখে অনেকে মন্তব্য করেছেন, তাঁরা দিল্লিতে গৌতম গম্ভীরের বাড়িতে যাচ্ছেন কিনা। ফলে বিরাট-গম্ভীর বাদানুবাদ নিয়ে নানারকম চর্চা ও মিম চলছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications