IPL 2023: ধোনির সিএসকে আনকোরা বোলিং নিয়ে পেল বিরাট জয়, আরসিবি-বধেও চিন্তায় রাখবে ফিল্ডিং
আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আনকোরা বোলারদের নিয়েও ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের ঝড় থামাল মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক।
জয়ের জন্য ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮.২ ওভারে ১০০ রানে পৌঁছে গিয়েছিল আরসিবি। কিন্তু চাপের মুখেও স্নায়ুযুদ্ধেও চেন্নাই সুপার কিংসকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন ক্যাপ্টেন কুল। সিএসকের ক্যাচ মিসের ফুলঝুরি চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

প্রথম ওভারেই বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন আকাশ সিং। বিরাট ১টি চারের সাহায্যে ৪ বলে ৬ রান করে বোল্ড হয়ে যান। কিছুটা দুর্ভাগ্যেরও শিকার কোহলি। স্টেপ আউট করেছিলেন। বল তাঁর ব্যাটে লাগার পর জুতোয় লেগে গড়িয়ে স্টাম্পে লাগে। বেল পড়তেই কোহলি আউট!

বিরাট আউট হন দলের ৬ রানের মাথায়। ২ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫। মহীপাল লোমরর পাঁচ বলে শূন্য রান করে তুষার দেশপাণ্ডের প্রথম শিকার। এরপর অবশ্য ঝোড়ো ব্যাটিং চালিয়ে আরসিবির জয়ের আশা জাগিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ দু প্লেসি।

তৃতীয় উইকেট জুটিতে ১০.১ ওভারে তাঁরা গড়েন ১২৬ রানের পার্টনারশিপ। ফাফ দু প্লেসি ২৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁদের বিপজ্জনক জুটি ভাঙেন মাহিশ থিকশানা। বেশ কয়েকটি ক্যাচ পড়ার পর ধোনির নিরাপদ হাতে ধরা পড়েন ম্যাক্সওয়েল। তিনটি চার ও আটটি ছয়ের সাহায্যে ম্যাক্সওয়েল করেন ৩৬ বলে ৭৬।

১২.১ ওভারে ১৪১ রানে তৃতীয় উইকেটটি ফেলার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিএসকে। ফাফ দু প্লেসি আউট হন ১৪তম ওভারের শেষ বলে, আরসিবির স্কোর তখন ৪ উইকেটে ১৫৯। মঈন আলির বলে দু প্লেসির ক্যাচও ধরেন ধোনি। আরসিবি অধিনায়ক পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬২ রান করে অরেঞ্জ ক্যাপের দখল নিলেন।
১৯১ রানে পঞ্চম উইকেট পড়ার পর ১৯৭ রানে সপ্তম উইকেট হারায় আরসিবি। দীনেশ কার্তিক ১৪ বলে ২৮, শাহবাজ আহমেদ ১০ বলে ১২ ও ওয়েন পার্নেল ৫ বলে ২ রান করেন। ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ প্রভুদেশাই ও ওয়ানিন্দু হাসারঙ্গা শেষ চেষ্টা চালিয়েও দলকে জেতাতে পারেননি।

শেষ ওভারে ১৯ রান দরকার ছিল। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে শেষ ওভারে ভরসা দিলেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। চেন্নাই সুপার কিংস জিতল ৮ রানে। শেষ বলে ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ প্রভুদেশাই ১১ বলে ১৯ রানে আউট হন। হাসারঙ্গা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। আরসিবি তোলে ৮ উইকেটে ২১৮ রান।

তুষার দেশপাণ্ডে ৪৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। মাথিশা পাথিরানা ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। আকাশ সিং, মাহিশ থিকশানা ও মঈন আলির ঝুলিতে ১টি করে উইকেট। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি উইকেট নিলেন।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। ডেভন কনওয়ের ৪৫ বলে ৮৩, শিবম দুবের ২৭ বলে ৫২ ও অজিঙ্ক রাহানের ২০ বলে ৩৭ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংস করেছিল ৬ উইকেটে ২২৬। যা আরসিবির বিরুদ্ধে তাদের সর্বাধিক স্কোর।
.@ChennaiIPL come out on top in the mid-table clash as they beat #RCB by 8 runs in highly entertaining and run-filled #TATAIPL match. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 17, 2023
Scorecard ▶️ https://t.co/QZwZlNk1Tt#RCBvCSK pic.twitter.com/jlEz6KmM0V
মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার ভিশাখ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট নেন। এই জয়ের দৌলতে ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো সিএসকে। আরসিবি রয়েছে সাতে। এদিকে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লখনউয়ে সিএসকের ম্যাচ হওয়ার কথা ছিল ৪ মে। পুরভোটের কারণে তা একদিন এগিয়ে আনা হয়েছে। খেলা শুরু বিকেল সাড়ে ৩টেয়।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications