IPL 2023: আইপিএল এলিমিনেটরে মুম্বই-লখনউ দ্বৈরথ! হারলেই বিদায়, জিতলে মিলবে কোয়ালিফায়ারের টিকিট
আইপিএলের এলিমিনেটরে কাল চেন্নাইয়ের চিপকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গুজরাতের হারে আরসিবি ছিটকে যাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের টিকিট আদায় করেছে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তিন নম্বর জায়গায় দখল নিয়েছিল লখনউ।
আইপিএলে তিনবার এই দুই দল মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে লখনউ। গত বছরের আইপিএলে সুপার জায়ান্টস দুটি ম্যাচে যথাক্রমে ১৮ ও ৩৬ রানে জিতেছিল। এবারের আইপিএলে ১৬ মে সুপার জায়ান্টস জেতে ৫ রানে।

কালকের ম্যাচে যারা হারবে তাদের কাছে শেষ হয়ে যাবে এবারের আইপিএল অভিযান। জয়ী দলকেও ফাইনালে যেতে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এলিমিনেটরের জয়ী দলকে শুক্রবার আমেদাবাদে মুখোমুখি হতে হবে গুজরাত টাইটান্সের। ফলে দুই দলের কাছেই ডু অর ডাই লড়াই।

লখনউ সুপার জায়ান্টসের সর্বাধিক রান সংগ্রহকারী মার্কাস স্টইনিস এবারের আইপিএলে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় রয়েছেন ১৯-এ, বোলারদের তালিকায় লখনউয়ের সর্বাধিক উইকেটশিকারীর অবস্থান ১১-তে। দলে সেই অর্থে বড় তারকা নেই, অন্তত যেটা গুজরাত, মুম্বই বা চেন্নাইয়ে রয়েছে। লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পরও সফল এই দল।

ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বে চাপের মধ্যে থেকেই প্লে-অফের টিকিট পেয়েছে লখনউ। স্টইনিস, নিকোলাস পুরাণ, কাইল মেয়ার্স, কুইন্টন ডি ককদের মতো বিদেশিদের উপর নির্ভর ব্যাটিং। ভারতীয় ব্যাটারদের থেকে এবার রান প্রত্যাশা করছে দল। যেমন পাওয়ারপ্লে বোলিংয়ে উন্নত করতে হবে ক্রুণালের দলকে।

মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে রান তাড়া করে বেশি ম্যাচ জিতেছে। লখনউ আবার রানের পুঁজি নিয়ে জয় ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত। টুর্নামেন্ট যত এগিয়েছে তত ছন্দ পেয়েছে রোহিত শর্মার দল। নেহাল ওয়াধেরা, আকাশ মাধওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা দলকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছেন।

লখনউ টানা তিনটি ম্যাচ জিতে এই ম্যাচ খেলতে নামছে। মুম্বই শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে, সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি জয়, দুটি পরাজয়। লখনউ সুপার জায়ান্টসে কোনও ফিটনেস সমস্যা নেই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চোট সারিয়ে তিলক বর্মা ফিরতে পারেন কিনা সেটা দেখার।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), করণ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসীন খান। বোলিংয়ের সময় নামবেন যশ ঠাকুর।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, ক্রিস জর্ডন, কুমার কার্তিকেয় বা হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ। বোলিংয়ের সময় নামবেন আকাশ মাধওয়াল।
চিপকে যে উইকেটে সিএসকে লো স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল সেই পিচেই এলিমিনেটর হওয়ার কথা। আজ প্রথম কোয়ালিফায়ারেও দেখা গিয়েছে পিচ শুষ্ক ও ক্রমে মন্থর হচ্ছে। ফলে উইকেটের চরিত্রে বড় রদবদল হওয়ার সম্ভাবনা নেই। গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জ সামলে প্রথমে ব্যাট করাই সঠিক হবে বলে মত বিশেষজ্ঞদের।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications