IPL 2023: আইপিএল এলিমিনেটর জিততে লখনউকে ১৮৩ রানের টার্গেট দিল মুম্বই, নবীনের ৪ উইকেট
আইপিএলের এলিমিনেটরে চেন্নাইয়ের চিপকে জিততে হলে লখনউ সুপার জায়ান্টসকে করতে হবে ১৮৩ রান। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ বলে ৪১ রান করেন ক্যামেরন গ্রিন।
চোট সারিয়ে মাঠে ফিরে ভরসা দিলেন তিলক বর্মা। সূর্যকুমার যাদব ঝোড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর তাঁর জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা। নবীন উল হক নিয়েছেন চার উইকেট।

রোহিত শর্মা ও ঈশান কিষাণের ওপেনিং জুটিতে ওঠে ৩.২ ওভারে ৩০ রান। ১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০ বলে ১১ রানে নবীন উল হকের প্রথম শিকার হন অধিনায়ক রোহিত শর্মা। ৪.২ ওভারে ৩৮ রানে মুম্বইয়ের দ্বিতীয় উইকেট পড়ে। ঈশান কিষাণকে ফেরান যশ ঠাকুর।

তিনটি চারের সাহায্যে ১২ বলে ১৫ রান করে তিনি কট বিহাইন্ড হন। এরপর দলের রান এগিয়ে যেতে থাকেন ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে রোহিতের দল তোলে ৬২ রান। ৫.১ ওভারে ৫০, ১০.১ ওভারে ১০০ ও ১৭.১ ওভারে ১৫০ রান পূর্ণ হয় মুম্বই ইন্ডিয়ান্সের।

তৃতীয় উইকেট পড়ে ১০.৪ ওভারে ১০৪ রানে। ২টি করে চার ও ছয় মেরে ২০ বলে ৩৩ করেন সূর্য। রোহিত, সূর্যর পাশাপাশি গ্রিন ও তিলক বর্মার উইকেটও নেন নবীন। ১১তম ওভারের শেষ বলে গ্রিনকে ক্লিন বোল্ড করেন নবীন। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪১ রান করেন গ্রিন।

১১ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৫। ১৬.৩ ওভারে দলগত ১৪৮ রানে টিম ডেভিড (১৩ বলে ১৩) যশ ঠাকুরের দ্বিতীয় শিকার। তিলক বর্মা ভালোই লড়াই চালান। তিনি ২২ বলে ২৬ রান করেন, মেরেছেন ২টি ছয়।

নবীনের বলে তিলক আউট হলে সাজঘরে ফিরলে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৯। ১৮.৫ ওভারে ক্রিস জর্ডন (৭ বলে ৪) মহসীন খানের বলে আউট হন। ১৬৮ রানে পড়ে সপ্তম উইকেটটি। সূর্যর পরিবর্তে নামা ইমপ্যাক্ট সাব নেহাল ওয়াধেরা ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১২ বলে ২৩ রান করলেন।

শেষ পাঁচ ওভারে ৪ উইকেট পড়লেও ৫১ রান ওঠার পিছনে রয়েছে নেহালের অবদান। আজকের পিচে ১৬৫ পর্যাপ্ত হবে বলে মনে করা হচ্ছিল। সেখানে গতকালের ম্যাচের মতো পার স্কোরের চেয়ে বেশি রান মুম্বইকে স্বস্তিতে রাখবে।
নবীন উল হক ৪ ওভারে ৩৮ রান দিয়ে চার উইকেট পেলেন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট যশ ঠাকুরের। শেষ বলে নেহালের উইকেটটি তিনিই পেলেন। মহসীন খান ৩ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।
ক্রুণাল পাণ্ডিয়া বোলিং ওপেন করে ৪ ওভারে ৩৮ রান দেন। কৃষ্ণাপ্পা গৌতম ১ ওভারে ৮ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩০ রান দেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications