IPL 2023: আইপিএলে সেরা মাঠ ইডেন! স্নেহাশিস-সুজনের গলায় দলগত সংহতির জয়গান
আইপিএলে ক্রিকেটের নন্দনকাননের মুকুটে যোগ হলো আরও একটি পালক। রাতে আনুষ্ঠানিক ঘোষণা হবে আইপিএল ফাইনালের পরেই। এবার আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেতে চলেছে ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়াম।
বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা হবে আগামী মাসেই। তার আগে আইপিএলে ইডেনের সেরা মাঠ বিবেচিত হওয়া নিশ্চিতভাবেই সিএবি কর্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন দলগত সংহতিতেই এই সাফল্য।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পুরস্কার ঘোষণার আগে কিছু বলতে নারাজ। তবে বলেন, যদি হয় এটা প্রত্যাশিতই। পুরোটাই টিম এফোর্ট। আগেও ইডেন আইপিএলে সেরার তকমা পেয়েছে। আইপিএল শুরুর মাসখানেক আগে থেকেই আমরা চিফ কিউরেটরের পরামর্শ মেনে মাঠ প্রস্তুত করার উদ্যোগ নিয়েছিলাম।
স্নেহাশিস আরও বলেন, কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স যা-ই হোক না কেন, দেশের যত জায়গায় আইপিএল হয়েছে তার মধ্যে একমাত্র ইডেনেই প্রতিটি ম্যাচে দর্শকাসন কানায় কানায় পূর্ণ ছিল। ইডেনের কর্পোরেট বক্সে যে বন্দোবস্ত তার প্রশংসা সকলেই করেছেন। মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা অনেকটাই উন্নত হয়েছে।

সিএবি সভাপতি আরও জানান, সংস্কারের পর প্রেস বক্স, মিডিয়া সেন্টারের ব্যবস্থাপনায় খুশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। সিএবির পদস্থ আধিকারিক, রাজ্য ক্রিকেট সংস্থার কর্মী, বিভিন্ন কমিটির সদস্য থেকে শুরু করে সুজন মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিগত কয়েক মাস ধরে মাঠকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ইডেন শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম। অন্য কাউকে খাটো করছি না। তবে ইডেনে আইপিএলের জন্য এবার যে ব্যবস্থাপনা ছিল তাতে আমরা বাকিদের চেয়ে এগিয়ে এটা জোর গলায় বলতে দ্বিধা নেই।

সিএবির চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, আমি ইডেনের দায়িত্বে আসার পর বিসিসিআই একবার সেরা গ্রাউন্ডের পুরস্কার দিয়েছিল। আইপিএলের সেরা মাঠ এবার ইডেন হলে তা এবার নিয়ে হবে চতুর্থবার। গত তিন-সাড়ে তিন মাস ধরে মাঠকর্মীদের নিয়ে কঠোর পরিশ্রমে করেছি। পুরস্কার পেলে তা সেই পরিশ্রমেরই স্বীকৃতি হবে।
ইডেনে যে ম্যাচগুলি হয়েছে তাতে চারবার দুশোর উপর রান উঠেছে। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২৩৫ রান তুলে ৪৮ রানে জিতেছিল। ১৪এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেটে ২২৮ রান তোলে, জবাবে কেকেআর ৭ উইকেটে ২০৫ রান করে।

এবারের আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর ৭ উইকেটে ২০৪ রান তুলে আরসিবিকে অল আউট করে দিয়েছিল ১২৩ রানে। লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছিল। জবাবে কেকেআর ভালোই লড়াই চালিয়ে ১ রানে হারে।
ইডেনের উইকেট নিয়ে কিছুটা বিতর্ক হয়েছিল অধিনায়ক নীতীশ রানার বক্তব্যে। তিনি বলেছিলেন, সব দলই হোম অ্যাডভান্টেজ পায়, কেকেআর ছাড়া। যদিও পরে নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, উইকেটের চরিত্র দেশের সব স্টেডিয়ামেই বদলায়। নীতীশ ইঙ্গিত করতে চেয়েছিলেন হোম ম্যাচ জেতার বিষয়টির দিকে।

সুজন মুখোপাধ্যায় বলেন, যেখানে কেকেআর অভিযোগ করেছে সেখানে বোঝা যাচ্ছে পিচ ভালোই হয়েছে। টি ২০ হলো এমন ফরম্যাট যেখানে দর্শকরা খেলা উপভোগ করতে পারেন। সেটা হয় ভালো পিচ হলেই। আমরা চেষ্টা করি স্পোর্টিং উইকেট বানাতে। যেখানে একপেশে ম্যাচ হবে না। ব্যাটার ও বোলাররা সমান সুবিধাই পাবেন।
এ ছাড়া ইডেনের মাঠটিকেও ভালো লেগেছে খেলা চলাকালীন। পিচ নিয়ে কোনও অভিযোগ নেই। সেরা মাঠের পুরস্কার পেলে তা হবে আমাদের সম্মিলিত প্রয়াসেরই স্বীকৃতি। উল্লেখ্য, বৃষ্টি হলেও কয়েক মিনিটের মধ্যে খেলা শুরু করা গিয়েছে। ইডেনের গোটা মাঠ ঢাকা, উন্নত নিকাশি ব্যবস্থাও এখন দেশের কাছে দৃষ্টান্ত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications