IPL 2023: ধোনি কি চিপকে খেলছেন শেষবার? অবসরের মিশ্র ইঙ্গিত দেখছেন গাভাসকর
আইপিএলে চলতি মরশুমে আজই শেষবার চেন্নাইয়ের চিপকে খেলছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্স টস জিতে মহেন্দ্র সিং ধোনির দলকে ব্যাট করতে পাঠায়। ধোনিকে আজই শেষবার চিপকে দেখা যাচ্ছে কিনা তা নিয়ে তুঙ্গে জল্পনা।
গ্যালারির দিকে তাকালে হলুদ ঢেউ। মহেন্দ্র সিং ধোনি ড্রেসিংরুমে বসে রয়েছেন। যখনই তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে তখনই গর্জে উঠছে গ্যালারি। ধোনি এবারই শেষ আইপিএল খেলছেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে আইপিএল শুরুর আগে থেকেই।

যে স্টেডিয়ামে গিয়েছেন ধোনি, সেখানে তাঁর প্রতি সমর্থনের ঢেউ লক্ষ্য করা গিয়েছে। ধোনির জন্যই বিভিন্ন দল নিজেদের হোম গ্রাউন্ডে সিএসকে ম্যাচে দর্শকদের সমর্থন পায়নি। যা অভাবনীয়। চেন্নাই সুপার কিংস লিগ পর্বের ম্যাচ খেলে মাঠ প্রদক্ষিণ করেছিল। ধোনি হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানিয়েছিলেন। তখনও নিশ্চিত ছিল না প্লে-অফ।
আজ সেই ধোনির জন্যই সব পথ মিশেছে চিপকে। ড্রেসিংরুম থেকে ধোনি যখন আজ মাঠে নামেন দর্শকরা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন। চেন্নাই সুপার কিংসের স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে হুইসল বা শিষ দিতে থাকেন ধোনি-ভক্তরা। এমনকী টস হেরে যাওয়ার পর যখন ধোনি সঞ্চালকের সঙ্গে কথা বলতে যান তখনও গ্যালারির শব্দব্রহ্ম শোনা গিয়েছে।

মহেন্দ্র সিং ধোনি সব সময়ই চমক দিতে ভালোবাসেন। চিপকে লিগ পর্বের শেষ ম্যাচে ধোনির কাছে নিজের জামায় অটোগ্রাফ নিয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি স্টার স্পোর্টসে বলেন, ধোনি তাঁর অবসর নিয়ে এখনও সুনির্দিষ্ট কিছু জানাননি। তবে মিশ্র ইঙ্গিত মিলেছে। তাঁর মন বোঝা খুব শক্ত। যেটা একজন ভালো অধিনায়কের বড় গুণ।

গাভাসকরের কথায়, ভালো অধিনায়করা সব সময়ই প্রতিপক্ষ দলগুলিকে নানা জল্পনা করতে বাধ্য করে। সানি বলেন, আমরা সকলেই চাই ধোনি খেলা চালিয়ে যান। মাথা উঁচু করেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন সেটাই প্রত্যাশিত। যেভাবে তিনি ছক্কা মেরে জিতিয়ে দর্শকদের আনন্দ দেন, সেভাবেই অনন্য উচ্চতায় থেকেই তিনি অবসর নিন।

চেন্নাই সুপার কিংসের সাফল্যের পিছনে ধোনির অবদানের কথা উল্লেখ করে গাভাসকর বলেন, চেন্নাইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো যে, তাদের এমন এক অধিনায়ক রয়েছেন যিনি কোন পরিস্থিতিতে কী করা উচিত সেটা খুব ভালো করেই জানেন।
এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের ৪৪ বলে ৬০ রানের দৌলতে ১৪.৫ ওভারে চেন্নাই সুপার কিংস ৩ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। ডেভন কনওয়ে অপরাজিত ৩৩ বলে ৪০ রানে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications