IPL 2023: ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সি ও রিকি-সৌরভের মস্তিষ্কই আইপিএলে বড় শক্তি পন্থহীন দিল্লির
আইপিএলে দিল্লি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আগে এই দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এখন দিল্লি ক্যাপিটালস। এবার সবচেয়ে বড় ধাক্কা তারা খেয়েছে ঋষভ পন্থকে নিয়ে। শ্রেয়স আইয়ারের জায়গায় দিল্লির অধিনায়ক হয়েছিলেন পন্থ। তবে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় এবার তিনি খেলতে পারবেন না। অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে ডেভিড ওয়ার্নারের হাতে।

দিল্লি চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও
দিল্লি ক্যাপিটালস ২০২০ সালের আইপিএলে রানার আপ হয়েছিল। ২০২১ সালের আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও প্লে-অফ থেকেই বিদায় নিয়েছিল। ২০১৮ সালের পর গত বছরই প্রথম ঋষভ পন্থরা প্লে-অফেও উঠতে পারেননি। ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে ছিল দিল্লি ক্যাপিটালস। সাতটি ম্যাচে জয়, হেরে গিয়েছিল সাতটি ম্যাচেই।
|
পন্থের বিকল্প
ঋষভ পন্থের বিকল্প উইকেটকিপারের নাম এখনও চূড়ান্ত করতে পারেনি ক্যাপিটালস। অনুশীলনে অভিষেক পোড়েল-সহ কয়েকজনকে দেখা হচ্ছে। ফিল সল্ট, সরফরাজ খান ও মণীশ পাণ্ডে উইকেটকিপিং করতে পারেন। তাঁদের কেউ এবার দায়িত্ব সামলাবেন কিনা সেটা দেখার। সল্টের পাশাপাশি রাইলি রুসোকে নিয়ে ব্যাটিং বিভাগ মজবুত করেছে ক্যাপিটালস। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও হেড কোচ রিকি পন্টিংয়ের ক্ষুরধার মস্তিক দিল্লির সাফল্যের বড় ফ্যাক্টর হতে পারে।

শক্তিশালী ব্যাটিং
ডেভিড ওয়ার্নারের পাশাপাশি পৃথ্বী শ, মিচেল মার্শ, সরফরাজ খান, রাইলি রুসো, রভম্যান পাওয়েল থাকায় ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। লোয়ার অর্ডারে মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেলরা ঝোড়ো রান তুলতে সক্ষম। ফলে ব্যাটিং গভীরতা সমীহযোগ্য। ডেভিড ওয়ার্নার এর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দিয়েছেন। তবে পাকাপাকিভাবে ক্যাপ্টেন হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের। ২০১৬ সালে তাদের খেতাব জেতান। আইপিএলে অধিনায়ক ওয়ার্নার জিতেছেন ৩৫টি ম্যাচে, হার ৩২টিতে, ২টি টাই। তাঁর অভিজ্ঞতা এবার দিল্লির ইতিবাচক দিক হতে পারে।
|
বিশেষজ্ঞ উইকেটকিপারের অভাব
উইকেটকিপিং করার নিরিখে আপাতত এগিয়ে রয়েছেন সরফরাজ খান। বিকল্প কাউকে নেওয়া হলে অন্য কথা। ফিল সল্ট উইকেটকিপিং করলেও বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর অস্বস্তি রয়েছে। ফলে প্রথম একাদশে তিনি নিশ্চিত নন। কেএস ভরতকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি। কিন্তু পন্থের চোট তাদের চিন্তা বাড়িয়েছে। মার্শও চোটপ্রবণ। তাঁর উপযুক্ত বিকল্প অলরাউন্ডার নেই দিল্লি দলে।
|
ভারসাম্য রয়েছে দলে
আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমানের মতো জোরে বোলারদের প্রথম থেকে পাবে না দিল্লি ক্যাপিটালস। মুকেশ কুমার, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটিদের প্রথম একাদশে দেখা যেতে পারে। মার্শ বোলিং করবেন। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ওয়ার্নারের বড় অস্ত্র হতে চলেছেন। টানা কয়েকটি হোম ম্যাচ খেলার সুযোগ নেই দিল্লির কাছে। একটি ম্যাচ খেলেই অন্য শহরে যেতে হবে।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, যশ ঢুল, ফিল সল্ট (উইকেটকিপার), সরফরাজ খান, মণীশ পাণ্ডে (উইকেটকিপার), রাইলি রুসো, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, আমন খান, ভিকি ওস্টওয়াল, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমান, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications