IPL 2023: দিল্লি ক্যাপিটালসকে খুঁজতে হচ্ছে ঋষভ পন্থের বিকল্প উইকেটকিপার, কারা রয়েছেন নজরে?
দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়িতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। হাড় না ভাঙলেও লিগামেন্টে যে চোট লেগেছে তা সারতে তিন থেকে ছয় মাস লাগতে পারে। ফলে আইপিএলেও খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়কের পাশাপাশি বেছে নিতে হবে বিকল্প উইকেটকিপার।

পন্থের বিকল্পের খোঁজ
দিল্লি ক্যাপিটালস দলে পন্থ ছাড়া কোনও বিশেষজ্ঞ উইকেটকিপার নেই। সরফরাজ ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপিং করেছেন। ফিল সল্ট একে বিদেশি, প্রথম একাদশে জায়গা সুনিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ভারতীয় কোনও বিশেষজ্ঞ উইকেটকিপারেরই সন্ধান চালাচ্ছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। আইপিএল মিনি নিলামে অবিক্রিত থাকা পাঁচ ভারতীয় ক্রিকেটারের মধ্যে থেকেই আপাতত পন্থের বিকল্প খুঁজে নিতে হবে দিল্লিকে।
|
নজরে পাঞ্চাল ও বানা
ঘরোয়া ক্রিকেটে সফল হলেও আইপিএলে দল পাননি প্রিয়াঙ্ক পাঞ্চাল। গুজরাতের অধিনায়ক অদূর ভবিষ্যতে ভারতের টেস্ট দলেও জায়গা করে নিতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ১২,২৭০ রান রয়েছে, ভারতীয় এ দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে তিনি পন্থের বিকল্প হওয়ার দৌড়ে রয়েছেন। ২০২১ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের উইকেটকিপার দীনেশ বানার দিকেও নজর রয়েছে। হরিয়ানার হয়ে এবার ৮টি টি ২০ ম্যাচ খেলেছেন বানা, ২টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ১৮ বছরের এই ক্রিকেটার। পন্থের প্রতিভার বিকাশে যেমন দিল্লি ফ্র্যাঞ্চাইজি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তেমনটা করতে পারে বানার ক্ষেত্রেও।

দৌড়ে অভিমন্যু
বাংলার অভিমন্যু ঈশ্বরনকেও দিল্লি ক্যাপিটালস নিতে পারে। অভিমন্যু ভারতীয় এ দলের হয়ে জোড়া শতরান করেছেন বাংলাদেশে গিয়ে, বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফিতেও শতরান করেছেন। তিনি উইকেটকিপারের বিভাগেই নাম লিখিয়েছিলেন আইপিএল মিনি অকশনে। কিন্তু দল পাননি। রোহিত শর্মা চোট পাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় টেস্ট দলেও ডাক পান ঈশ্বরন, কিন্তু অভিষেক হয়নি।
কাদের কপাল খুলতে পারে?
দৌড়ে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। কেরলের এই উইকেটকিপার ঝোড়োগতিতে রান তুলতেও পারদর্শী। আগেরবার আরসিবিতে ছিলেন, তবে একটিও ম্যাচে সুযোগ পাননি। ২০২১ সালে তিনি মুম্বইয়ের বিরুদ্ধ সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ৩৭ বলে শতরান করেছিলেন, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এবার সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে তিনি ৭ ইনিংসে ১৪৩ রান করেন, সর্বাধিক ৪৭ বলে অপরাজিত ৯৫। তামিলনাড়ুর বাবা ইন্দ্রজিতের সামনেও আইপিএলের দরজা খুলে যেতে পারে। ইন্দ্রজিৎ গত আইপিএলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। টি ২০ ক্রিকেটে ব্যাট হাতে আহামরি পারফরম্যান্স না থাকলেও ঘরোয়া ক্রিকেটে সাফল্য তাঁকে ফের আইপিএলের আসরে নিজেকে প্রমাণের সুযোগ করে দিতে পারে।












Click it and Unblock the Notifications