IPL 2023: দিল্লি বধ সেরে শেষ চারে যাওয়ার রেকর্ড উন্নত করতে চায় চেন্নাই, আকর্ষণের কেন্দ্রে ধোনিই
আইপিএলে প্রথম কোয়ালিফায়ার খেলতে হলে জিততেই হবে চেন্নাই সুপার কিংসকে। এমন ব্যবধানে যাতে কেকেআরকে হারালেও লখনউ ধরতে না পারে। চেন্নাই ও লখনউ ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট করে সংগ্রহ করেছে। নেট রান রেটের নিরিখে সামান্য এগিয়ে সিএসকে।
কাল কলকাতায় কেকেআরের বিরুদ্ধে নামার আগে লখনউ সুপার জায়ান্টস জেনে যাবে কোন ব্যবধানে জিতলে দ্বিতীয় স্থান পাওয়া যাবে। চেন্নাই যদি হেরে যায় তাহলে লখনউ জিতলেই প্রথম দুইয়ে চলে আসবে। এই পরিস্থিতিতে দিল্লিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপিটালসের মুখোমুখি কিংস। জিতলেই রেকর্ড ১২ বার চেন্নাই যাবে শেষ চারে।

২০২১-র পর দিল্লির কাছে কখনও হারেনি সিএসকে। শেষ পাঁচটি দ্বৈরথের মধ্যে শেষ তিনটি টানা জিতেছে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে মহেন্দ্র সিং ধোনির দল জিতেছিল ২৭ রানে। দিল্লি আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে কার্যত ছিটকেই দেয় আইপিএল থেকে। জয়ের ধারা অব্যাহত রেখে ঘরের মাঠে শেষ ম্যাচ জিততে মরিয়া ওয়ার্নাররা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দলের স্পিনাররাই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন প্রতিপক্ষ ব্যাটারদের দিকে। এবারের আইপিএলে দিল্লির স্পিনাররা পেয়েছেন ২৪ উইকেট, ইকনমি ৭.০৯। চেন্নাই সুপার কিংসের স্পিনাররা পেয়েছেন ৩৫টি উইকেট। অক্ষর প্যাটেল-কুলদীপ জুটি, নাকি রবীন্দ্র জাদেজা-মঈন আলি, কারা শেষ হাসি হাসেন সেটাই দেখার।

দিল্লি ক্যাপিটালস দলের বোলিং শক্তি বেড়েছে আনরিখ নরকিয়া আসায়। মিচেল মার্শ আগের ম্য়াচে চোটের কারণে খেলেননি। তাঁর জায়গায় নেওয়া হয়েছিল আনরিখ নরকিয়াকে। চেন্নাই সুপার কিংসের শিবম দুবে আঙুলে চোট পেয়েছিলেন। তবে খেলতে অসুবিধা হবে না। দেশে ফেরার আগে বেন স্টোকস সিএসকে জার্সিতে নামেন কিনা সেদিকে নজর থাকবে।
এই ম্যাচেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মহেন্দ্র সিং ধোনি। তিনি যে ১০০ শতাংশ ফিট নন তা স্বীকার করেছেন মাইক হাসি। তবে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ বলেন, ধোনি ভালো ব্যাটিং করছেন। অনুশীলন করছেন। নিজের খেলায় ফোকাস রেখে বল ভালো হিট করছেন। তাঁর ছক্কা মারার দক্ষতা এখনও যা রয়েছে তাতে সন্তুষ্ট হাসি।

হাঁটুর চোটের কারণে ধোনি বেশি দৌড়াতে চাইছেন না। পরের দিকে নেমে বড় শট খেলতে চাইছেন। এই ধারাই আগামী ম্যাচগুলিতে অব্যাহত রাখতে চায় সিএসকে। হাসি স্পষ্ট করে দিয়েছেন, ধোনি যেভাবে খেলছেন তাতে আগামী বছরও খেলতেই পারেন। অবসরের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। দলের কেউ এ বিষয়ে জানেন না বলে দাবি মাইক হাসির।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা। বোলিংয়ের সময় নামতে পারেন তুষার দেশপাণ্ডে।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রাইলি রুসো, ফিল সল্ট (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, আমন খান, যশ ঢুল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময় নামবেন খলিল আহমেদ।
দিল্লিতে চলতি আইপিএলে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৮। পিচ ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ওয়ার্নার। ৬টি ম্যাচে পেসাররা ৪০টি ও স্পিনাররা ৩২ উইকেট নিয়েছেন। কালকের ম্যাচ বিকেলে। দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে গরমের চ্যালেঞ্জ সামলাতে হবে দুই দলকেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications