IPL 2023: দিল্লি ক্যাপিটালস সমস্যায়! ওয়ার্নার-মার্শদের ব্যাট-সহ খোয়া গেল বহু ক্রীড়া সরঞ্জাম
আইপিএলে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই হেরে প্লে-অফের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে দিল্লি ক্যাপিটালস। কাল দিল্লিতে ডেভিড ওয়ার্নারের দল খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। যদিও তার আগে সমস্যা বাড়ল ক্যাপিটালস শিবিরে।
বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার সময় অনেক ক্রিকেটারের নানাবিধ ক্রিকেট সরঞ্জাম খোয়া গিয়েছে। সর্বভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ, কিট ব্যাগ থেকে বের করে নেওয়া হয়েছে একটি-দুটি নয়, ১৬টি ব্যাট।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচে দিল্লি হেরে যায় ২৩ রান। পরদিন বেঙ্গালুরু থেকে দিল্লি পৌঁছয় ক্যাপিটালস। এরপরই দেখা যায় ডেভিড ওয়ার্নারের তিনটি, মিচেল মার্শের ২টি, ফিল সল্টের তিনটি এবং যশ ঢুলের পাঁচটি ব্যাটের কোনও হদিশ নেই।
বিদেশি ব্যাটারদের যে ব্যাটগুলি খোয়া গিয়েছে তার একেকটির দাম এক লক্ষ টাকা বলে জানা যাচ্ছে। কোনও ক্রিকেটারের জুতো তো কোনও ক্রিকেটারের গ্লাভস, থাই প্যাডের মতো নানাবিধ ক্রীড়া সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। বেঙ্গালুরু থেকে ফেরার পর ক্রিকেটারদের ঘরে যখন কিট ব্যাগ পৌঁছয় তখনই এই চুরির বিষয়টি নজরে আসে।

ক্রিকেটাররা এ বিষয়ে জানান ফ্র্যাঞ্চাইজি আধিকারিকদের কাছে। তারপরই কিট ব্যাগ থেকে ক্রিকেট খেলার সরঞ্জাম চুরির বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। কোনওভাবে গতকাল ক্রিকেটাররা অনুশীলন করেছেন। তবে স্বাভাবিকভাবেই তা ব্যাহত হয়েছে। অনেক ক্রিকেটার তাঁদের এজেন্ট মারফত ব্যাট প্রস্তুতকারী সংস্থাকে নতুন ব্যাট পাঠানোর অনুরোধ করেছেন।
দিল্লি ক্যাপিটালস সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিট ব্যাগ থেকে ব্যাট ও অন্যান্য সরঞ্জাম চুরি যাওয়ার কথা জানাজানি হতেই সকলে শকড। বিস্ময় প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা এই প্রথম। লজিস্টিক্স ডিপার্টমেন্ট, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা লজিস্টিক্স কোম্পানি ঠিক করে। তারাই এক শহর থেকে অন্য শহরে ক্রিকেটারদের কিট ব্যাগ পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকে। ওই সংস্থায় কিট ব্যাটগুলি নিয়ে ট্রানজিটের বন্দোবস্ত করে এবং যথাসময়ে তা পৌঁছে দেয় সংশ্লিষ্ট ক্রিকেটারদের কাছে। আইপিএলে কিট ব্যাগ থেকে জিনিস চুরির ঘটনা আগে ঘটেনি। কীভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০১৩ সালের পর আইপিএলে প্রথম ৬টি ম্যাচ কখনও হারেনি দিল্লি। কাল কেকেআরের কাছে হারলে ফের সেই লজ্জার রেকর্ড স্পর্শ করতে হবে। তার আগে ক্রিকেটারদের ব্যাট খোয়া যাওয়া নিশ্চিতভাবেই সমস্যা বাড়াল অনেকটাই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications