IPL 2023: আইপিএলে চেন্নাইয়ের সামনে হায়দরাবাদ, অরেঞ্জ আর্মিকে চিন্তায় রাখছে পরিসংখ্যান
আইপিএলে কাল চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। সিএসকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। সানরাইজার্স ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৯ নম্বরে। চিপকে কখনও জেতেনি অরেঞ্জ আর্মি।
চেন্নাই সুপার কিংস ১৮টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতেছে সানরাইজার্সের বিরুদ্ধে। ৫টি ম্যাচে সিএসকে-কে হারালেও ধোনিদের ঘরের মাঠে জয়ের মুখ দেখেনি হায়দরাবাদের দলটি। ফলে ধোনিরা ফেভারিট হিসেবেই শুরু করবেন।

বেন স্টোকস গোড়ালির চোট সারিয়ে কালকের ম্যাচেও খেলতে পারবেন না বলে খবর। নেটে অবশ্য ব্যাটিং ও বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ভালো খবর মিচেল স্যান্টনার সুস্থ হয়ে উঠেছেন। তিনি সানরাইজার্স ম্যাচে খেলার জন্য প্রস্তুত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনও আকাশ সিংয়ের সঙ্গে অম্বাতি রায়ুডুকেই অদলবদল করবে সিএসকে।
সানরাইজার্স হায়দরাবাদ এবার প্রথম দুটি ম্যাচে হারে। একটিতে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার, অপরটিতে এইডেন মার্করাম। এরপর টানা দুটি ম্যাচ জেতে হায়দরাবাদ। যদিও মার্করামের দল আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে অরেঞ্জ আর্মির ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই।

সানরাইজার্স হায়দরাবাদ ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে ধারাবাহিকতা দেখাচ্ছে না। কলকাতায় শতরান করার পর হ্যারি ব্রুকের জায়গায় খেলিয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। মুম্বইয়ের বিরুদ্ধে টি নটরাজনের জায়গায় রান তাড়া করার সময় খেলায় আবদুল সামাদকে। চিপকের স্পিন সহায়ক উইকেটে আকিল হোসেন বা আদিল রশিদের মধ্যে কাউকে নামানো হতে পারে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা বা মিচেল স্যান্টনার।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- হ্যারি ব্রুক, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন বা আদিল রশিদ বা আকিল হোসেন, ময়াঙ্ক মার্কণ্ডে।
চেন্নাই সুপার কিংসে এবার যে দুটি উইকেটে খেলা হয়েছিল তা ব্যাটিং সহায়কই ছিল। পেসারদের তুলনায় স্পিনাররাই বেশি সাহায্য পেয়েছেন। কালকের ম্যাচেও তেমনটাই হতে পারে। উষ্ণ আবহাওয়ার পাশাপাশি আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে দুই দলকেই। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে চারবার জিতেছে সিএসকে। গতবার প্রথম সাক্ষাতে জিতেছিল সানরাইজার্স।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications