IPL 2023: চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স, চিপকের পরিসংখ্যানে কেন চাপে ধোনিরা?
আইপিএলে কাল ডাবল হেডারের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটে থেকে চেন্নাইয়ের চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির দল ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। মুম্বই ইন্ডিয়ান্স ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
কাল জিতলে রোহিত শর্মারা চেন্নাই ও লখনউকে পিছনে ফেলে দুই নম্বরে উঠে আসতে পারবেন। চেন্নাই যদি জেতে তাহলে ধোনিরা চলে আসবেন দুই নম্বরে। পরিসংখ্যান অবশ্য ধোনিদের চাপে রাখার জন্য যথেষ্ট।

২০১০ সালের পর চিপকে চেন্নাই সুপার কিংস কখনও হারাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সকে। চিপকের দুর্গে আঘাত হেনে চেন্নাইকে টানা ৬টি ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১১ থেকে চলে আসা ধারা অব্যাহত রাখতে চাইবেন রোহিত শর্মারা, প্লে-অফের আশা উজ্জ্বল করতে। চিপকে দুই দলের পারস্পরিক দ্বৈরথের ফলাফল মুম্বইয়ের পক্ষে ৬-২।
২০১৩ সাল ছাড়া আইপিএলের লিগ পর্বে চিপকে চেন্নাই কখনও দুটি ম্যাচে হারেনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হওয়ার পর এবার ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দুই দলের দ্বৈরথ উপভোগ্য হবে এই কারণে যে, মুম্বই শেষ সাতটি ম্যাচের পাঁচটিতে জিতেছে।

রোহিত শর্মা ও ঈশান কিষাণ ওপেন করবেন। সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মার মতো ক্রিকেটাররাও ব্যাট হাতে মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাঁদের আটকানোর চ্যালেঞ্জ থাকবে সিএসকে বোলারদের জন্য। চেন্নাই চাইবে রবীন্দ্র জাদেজা, মঈন আলি, অম্বাতি রায়ুডুদের ব্যাটে ঝড় উঠুক। দুই দলের শেষ সাক্ষাত চেন্নাই জিতেছিল ৭ উইকেটে।

চেন্নাই সুপার কিংস দলে ফিরতে পারেন বেন স্টোকস। তিনি সপ্তাহখানেক ধরে নেটে অনুশীলন করেছেন। স্টোকস ফিট হয়ে ফিরলে ব্যাটে-বলে চেন্নাইয়ের শক্তি যে বাড়বে তাতে সন্দেহ নেই। ডেথ ওভারের বোলিংয়েও নিয়ন্ত্রণ আনতে হবে চেন্নাই সুপার কিংসকে। স্টোকস দলে এলে কাকে বসানো হয় সেটা দেখার।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে রদবদলের সম্ভাবনা নেই। তারা উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। তবে চেন্নাইয়ের উইকেটের কথা ভেবে দলে নেওয়া হতে পারে অফ স্পিনার হৃতিক শোকিনকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রদবদল হতে পারে সূর্যকুমার যাদব ও কুমার কার্তিকেয়র মধ্যে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা বা বেন স্টোকস। বোলিংয়ের সময় নামবেন তুষার দেশপাণ্ডে, সেক্ষেত্রে বসবেন রায়ুডু।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার, আকাশ মাধওয়াল, আর্শাদ খান বা হৃতিক শোকিন। বোলিংয়ের সময় কুমার কার্তিকেয় খেলবেন।
চেন্নাইয়ের উইকেটে এবারের আইপিএলেও কার্যকরী হচ্ছেন স্পিনাররা। আবার বাউন্স থাকায় শট খেলতে সুবিধা হচ্ছে ব্যাটারদের। আজ দুই দলের অনুশীলনের সময় আকাশ মেঘলা ছিল। কালকের ম্যাচ বিকেলে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications