IPL 2023: চেন্নাই সুপার কিংস আপ্লুত অভ্যর্থনায়, কেকেআর-সিএসকে দ্বৈরথে এগিয়ে কারা?
আইপিএলে কাল ইডেনে মহা-ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। কেকেআর হারের হ্যাটট্রিকে অস্বস্তিতে। ধোনিরা শহরে আজ পা রাখলেন জয়ের হ্যাটট্রিক সারার লক্ষ্য নিয়ে।
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে তিন নম্বরে। কেকেআর ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে রয়েছে আটে। আইপিএলে পারস্পরিক দ্বৈরথে ২৭টি ম্যাচে ১৭টি জিতেছে চেন্নাই, ৯টি কেকেআর, একটি পরিত্যক্ত।

সানরাইজার্স হায়দরাবাদকে চিপকে চূর্ণ করে আজ কলকাতায় পৌঁছেছে চারবারের চ্যাম্পিয়নরা। কেকেআর-সিএসকে দ্বৈরথ চিহ্নিত হয়েছে মাহি ম্যাচ বলেই। সম্ভবত শেষবার ইডেনে নামছেন ক্রিকেটার ধোনি। তাঁকে দেখার জন্য বিমানবন্দরেও ভিড় জমান বহু ক্রিকেট-ভক্ত। কলকাতায় এমন উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত সিএসকে।
কলকাতা নাইট রাইডার্স ম্যাচেও বেন স্টোকসকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। গতকালই সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, স্টোকসের চোট খুব গুরুতর নয়। তবে সপ্তাহখানেক তাঁকে মাছের বাইরে থাকতে হবে। সিসান্ডা মাগালা ও দীপক চাহারকেও পাওয়া যাবে না কলকাতা ম্যাচে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে রদবদল করেনি সিএসকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও দলে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। অম্বাতি রায়ুডু ও আকাশ সিংয়ের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রদবদল হবে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আবি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা।

শেষ পাঁচটি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস চারবার জিতেছে। গত বছরের আইপিএলে কেকেআর ৯ বল বাকি থাকতে জিতেছিল সিএসকের বিরুদ্ধে। ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনছেন। ফলে ইডেনে ব্যাট হাতে মাহিকে দেখা যাবে কিনা তা বলা যাচ্ছে না। ধোনির সঙ্গে বরুণ চক্রবর্তীর দ্বৈরথ উপভোগ্য হতে পারে। বরুণ চারবারের মধ্যে তিনবার ধোনির উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications