IPL 2023: আইপিএলে সিএসকে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল, দুই দলেই পরিবর্তন
আইপিএলে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি। দুই দলই জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে। বৃষ্টির কারণে টস হয় আধ ঘণ্টা দেরিতে। খেলা শুরু হবে পৌনে চারটে থেকে, অর্থাৎ নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর।
টস জিতে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে পাঠাল লখনউ সুপার জায়ান্টসকে। দীপক চাহার চোট সারিয়ে ফিরলেন আকাশ সিংয়ের জায়গায়। লখনউকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল পাণ্ডিয়া। দলে মনন ভোরা ও করণ শর্মা।

আজ যে উইকেটে খেলা হচ্ছে সেটি কালো মাটি দিয়েই তৈরি। উইকেটে ঘাস রয়েছে। বেশ শুষ্কও। ফলে পেস ও বাউন্স খুব বেশি থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্পিনাররাই দাপট দেখাবেন বলে জানান অ্যারন ফিঞ্চ। বৃষ্টির পর এখন রোদ উঠেছে। তাপমাত্রা কিছুটা কমেছে। পুরো খেলা হতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
লখনউয়ের গ্যালারিতেও আজ হলুদের আধিক্য। সেটা যে মহেন্দ্র সিং ধোনির জন্যই তা বলার অপেক্ষা রাখে না। ধারাভাষ্যকার ড্যানি মরিসন লখনউয়ে ধোনি শেষবারের জন্য নামবেন, এটা বোঝাতে গেলে চেন্নাই সুপার কিংস অধিনায়ক হেসে বলেন, আপনারাই আমার এটা শেষ আইপিএল কিনা তা নির্ধারিত করে ফেলেছেন!

ধোনিকে এদিন সংবর্ধনা প্রদান করা হয় টসের পর। তাঁর হাতে স্মারক তুলে দেওয়া হয়। ধোনি বলেন, উইকেট অনেকটা সময় কভার দিয়ে ঢাকা ছিল। দিনের ম্যাচে পরিস্থিতি বদলায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই আমরা খেলতে প্রস্তুত। ক্রুণাল পাণ্ডিয়া বলেন, টস জিতলে আমার ব্যাটিংয়ের পরিকল্পনাই ছিল।

লোকেশ রাহুলের ছিটকে যাওয়া লখনউয়ের যে বড় ধাক্কা সে কথা উল্লেখ করেছেন ক্রুণাল। তিনি আশাবাদী, রাহুলের অনুপস্থিতিতে বাকিরা সুযোগের সদ্ব্যবহার করবেন। হোম গ্রাউন্ডে উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন ক্রুণাল। চেন্নাইয়ের দীপক চাহারের মতো চোট সারিয়ে লখনউ দলে কামব্যাক করেছেন মহসীন খান।
লখনউ সুপার জায়ান্টস- মনন ভোরা, কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), করণ শর্মা, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসীন খান।
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications