IPL 2023: জাদেজা-তুষারের দাপটে মুম্বই থামল ১৫৭ রানে, রোহিতদের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েই গেল
আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান তুলতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং কোচ কায়রন পোলার্ড ব্যাটারদের কাছে রান প্রত্যাশা করেছিলেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়েই গেল।
টস জিতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফিল্ডিং নিয়েছিলেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে রোহিত শর্মার দল। ঈশান কিষাণ ৩২ ও টিম ডেভিড ৩১ রান করেন। ফের ব্যর্থ সূর্যকুমার যাদব। রবীন্দ্র জাদেজা ৩টি এবং তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার ২টি উইকেট নেন।

মুম্বইয়ের ওপেনিং জুটিতে ৪ ওভারে ওঠে ৩৮ রান। তুষার দেশপাণ্ডের দুরন্ত ডেলিভারি রোহিতের রক্ষণ ভেদ করে ছিটকে দেয় স্টাম্প। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৩ বলে ২১ করেন হিটম্যান। অপর ওপেনার কিষাণ পাঁচটি চারের সাহায্যে ২১ বলে ৩২ রান করেন। ৬.৪ ওভারে তিনি রবীন্দ্র জাদেজার প্রথম শিকার।
৭.২ ওভারে ৬৭ রানে পড়ে তৃতীয় উইকেট। সূর্যকুমার যাদবকে প্রথমে আউট দেননি আম্পায়ার। ধোনি উইকেটের পিছনে ক্যাচ ধরে সেলিব্রেশন শুরু করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে রিভিউ নেন। দেখা যায় বল সূর্যর ব্যাটে লেগেছে। এরপর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হন ধোনি। ডিআরএসের নাম ধোনি রিভিউ সিস্টেম করার দাবি ওঠে।
Dhoni review system and the celebration with all CSK players. pic.twitter.com/cJAltuciSe
— Johns. (@CricCrazyJohns) April 8, 2023
বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার এদিন ২ বলে ১ রান করে মিচেল স্যান্টনারের শিকার। ৮.২ ওভারে ক্যামেরন গ্রিন ১১ বলে ১২ রান করে জাদেজার বোলিংয়ে কট অ্যান্ড বোল্ড হন। আরশাদ খান ২, ট্রিস্টান স্টাবস ৫ রান করেন। টিম ডেভিড ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২২ বলে ৩১ রান করেন। তাঁকে ফেরান তুষার।

মুম্বই ইন্ডিয়ান্সকে দেড়শো রান পার করান হৃতিক শোকিন ও পীযূষ চাওলা। শোকিন ১৩ বলে ১৮ ও চাওলা ৬ বলে ৫ রানে অপরাজিত থাকেন। দীপক চাহার প্রথম ওভারে ১০ রান দেওয়ার পর মাঠ ছাড়েন। তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। এমনিতেই বেন স্টোকস ও মঈন আলিকে আজ পায়নি সিএসকে।

জাদেজা ৪ ওভারে ২০ রান দিয়ে তিনটি ও তুষার ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন। স্যান্টনার ৪ ওভারে ২৮ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। সিসান্ডা মাগালা সিএসকে জার্সিতে প্রথম খেলতে নেমে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে নেন একটি উইকেট। ডোয়েইন প্রিটোরিয়াস ৪ ওভার বল করেছেন, ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications