IPL 2023: আইপিএলের দ্বিতীয়ার্ধে চমক দেখাবে কেকেআর! নাইট কোচ বেঙ্গালুরুতে কীভাবে আত্মবিশ্বাসী?
আইপিএলের প্রথমার্ধের খেলা শেষ। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ার্ধ। ইতিমধ্যেই সব দল সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ২টিতে, হেরেছে ৫টিতে। চার পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে।
আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে কেকেআর। নীতীশ রানার দল ইডেনে প্রথম সাক্ষাতে বড় ব্যবধানে পরাস্ত করেছিল আরসিবিকে। আজকের ম্যাচের আগে হুঙ্কার দিলেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

আরসিবি ছাড়া একমাত্র গুজরাত টাইটান্সকে হারিয়েছিল কেকেআর। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স ১০ পয়েন্ট করে ঝুলিতে পুরেছে। ৮ পয়েন্টে দাঁড়িয়ে চারটি দল। ফলে আজ হারলেই কেকেআর খাদের কিনারায় পৌঁছে যাবে। যদিও চন্দ্রকান্ত পণ্ডিত আগের সব কিছু ভুলে দ্বিতীয়ার্ধই নতুনভাবে শুরুর বার্তা দিলেন।
কেকেআরের তরফে শেয়ার করা ভিডিওয় নাইটদের হেড কোচ বলেন, দ্বিতীয়ার্ধে নতুন করে শুরু করছি। প্রথম ম্যাচ জিততে হবে। আরসিবিকে আমরা আগে হারিয়েছি। সেই জয় থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস দলে রয়েছে। একটিবার জ্বলে উঠলেই আমাদের এগিয়ে যেতে অসুবিধা হবে না। আশাবাদী থাকতেই হবে। আমি দেখছি, আমাদের জন্য টুর্নামেন্ট বুধবার থেকে শুরু হচ্ছে।

ইতিবাচক মনোভাব নিয়েই প্লেয়ারদের মাঠে নামার ডাক দিয়েছেন চন্দ্রকান্ত। তাঁর কথায়, আমি সব কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে পছন্দ করি। পণ্ডিতের আশা, ড্রেসিংরুমে পরিবেশ আগের মতোই রয়েছে। প্রথমার্ধে কেকেআরের যে আত্মবিশ্বাস ছিল, ঠিক তেমনটা এখনও রয়েছে। যদিও নাইট কোচের এই দাবির কতটা প্রতিফলন মাঠে দেখা যাবে তা নিয়ে সংশয় থাকছেই।
দলগত সংহতিতে জেতার নমুনা দেখাতে পারেনি কেকেআর। কোনও এক বা দুজন ব্যাটার জ্বলে উঠছেন। ইডেনে আরসিবি ম্যাচে স্পিনাররা জ্বলে উঠেছিলেন। কিন্তু সামগ্রিকভাবে নাইটদের বোলিংয়ের দৈন্যদশা হতাশা বাড়িয়েছে সমর্থকদের। আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। আট বিদেশিকে খেলানো হয়েছে। কিন্তু ভরসা মেলেনি।

চন্দ্রকান্ত পণ্ডিতের দাবি, দল ভালো ক্রিকেটই খেলছে। তিনি বলেন, আমরা ভালো খেলছি না এটা ঠিক নয়। প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। তাঁরা নিজেদের দায়িত্বপালন করতে বদ্ধপরিকর। ২০২২ সালে তাঁর কোচিংয়ে এই বেঙ্গালুরুতেই মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফি জিতেছিল। সেই চিন্নাস্বামীতে কেকেআরের চাকা ঘোরানোর আশায় পণ্ডিত।
নাইটদের হেড কোচ বলেন, এখানে যে অসাধারণ সুখস্মৃতি রয়েছে তা ভোলার নয়। গত বছর মধ্যপ্রদেশ এখানে ট্রফি জিতেছে। যে মুহূর্তে ড্রেসিংরুমে ঢুকলাম তখনই ইতিবাচক এক অনুভূতি পেলাম। আইপিএলের দ্বিতীয়ার্ধ যে খুনে মেজাজে খেলে কেকেআর প্লে-অফের ছাড়পত্র আদায় করে নিতে চাইছে সেটা জানাচ্ছেন চন্দ্রকান্ত। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications