আইপিএল ২০২৩: নীতীশ রানাকে অধিনায়ক বাছল কেকেআর, পারবেন তিনি শ্রেয়সের অভাব ঢাকতে?
শ্রেয়স আইয়ার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর জল্পনা চলছিলই। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান নীতীশ রানাকে। এদিন আনুষ্ঠানিকভাবে কেকেআর ম্য়ানেজমেন্ট অধিনায়ক হিসাবে নীতীশের নাম ঘোষণা করেছে।

শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পান। পরে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। আইপিএল খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এবং আশঙ্কা সত্যি করে জানা যায়, শ্রেয়স এবছর টুর্নামেন্টের প্রথম ভাগে অন্তত কেকেআর এর হয়ে মাঠে নামতে পারবেন না। আরও অনেকদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে।
তারপরই এদিন কেকেআর এর তরফে টুইট করে জানানো হয় নতুন অধিনায়কের নাম। টুইটে বলা হয়, 'নীতীশ শ্রেয়সের পরিবর্তে অধিনায়কত্ব করবেন। আমরা আশাবাদী টুর্নামেন্টের পরের ধাপে শ্রেয়স দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আমরা আশাবাদী যে নীতীশের রাজ্য দলের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা ও ২০১৮ সাল থেকে দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা মিলিয়ে তিনি দারুণ কাজ করবেন।'

কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সহযোগীদের অভিজ্ঞতা নীতীশকে সাহায্য করবে। দলের সিনিয়র ক্রিকেটাররাও নীতীশের পাশে থাকবেন বলে কেকেআর ম্যানেজমেন্ট আশাপ্রকাশ করেছে। নীতীশ এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করেছেন। বোঝাই যাচ্ছে, নীতীশকে সাহায্য করতে কোচ পণ্ডিত, সিইও বেঙ্কি মাইসোররা উঠেপড়ে লেগে পড়বেন শুরু থেকেই।
২০১৮ সাল থেকে কেকেআর এর হয়ে খেলছেন নীতীশ রানা। এটি তাঁর ষষ্ঠ সিজন হতে চলেছে কলকাতার হয়ে। কেকেআর এর হয়ে ৭৪টি ম্যাচে ১৭৪৪ রান করেছেন রানা। এখন দেখার অধিনায়ক হিসাবে তিনি কতটা ছাপ ফেলতে পারেন। পয়লা এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে কলকাতা।












Click it and Unblock the Notifications