IPL 2023: বেন স্টোকস কেন শুধুই ব্যাটার? আইপিএলের শুরুতে স্ট্র্যাটেজি বদলাচ্ছে চেন্নাই সুপার কিংস
আইপিএলে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৬.২৫ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির দল। যদিও জানা যাচ্ছে, স্টোকস আইপিএলের শুরুর দিকে অলরাউন্ডার হিসেবে খেলবেন না। প্রথম একাদশে থাকবেন শুধু ব্যাটার হিসেবেই।

বিদেশি বোলার নিয়ে সমস্যা
আইপিএলে চেন্নাই সুপার কিংস প্রথম তিনটি ম্যাচে পাচ্ছে না শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে। মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা- এই দুই বোলারই আইপিএল খেলতে আসবেন ৮ এপ্রিলের পর। ওইদিন শেষ হবে টি ২০ সিরিজ। চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে ৩১ মার্চ গুজরাত টাইটান্স, ৩ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস ও ৮ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে স্টোকসও বোলিং করতে পারবেন না বলে সমস্যা বাড়ল।

স্টোকসের পায়ে চোট
স্টোকসের বাঁ পায়ের চোট সারাতে এখনও কর্টিজেন ইঞ্জেকশন নিতে হচ্ছে। গত সপ্তাহেই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন। নেট প্র্যাকটিসে ঝড় তুলতেও দেখা গিয়েছে। বাঁ পায়ের চোট কয়েক বছর ধরেই ভোগাচ্ছে স্টোকসকে। সেই চোট বেড়ে গিয়েছে গত মাসে নিউজিল্যান্ড সফরে গিয়েই। ফলে দুটি টেস্টে স্টোকস ৯ ওভার বল করেছেন। ওয়েলিংটন টেস্টের শেষ দিন ব্যাট করার সময়ও তাঁর অস্বস্তি স্পষ্ট হয়েছে।

প্রথম দিকে বোলিং করতে পারবেন না
এমনিতেও স্টোকস পুরো আইপিএলে খেলবেন না। সিএসকে প্লে-অফে গেলে স্টোকসকে ছাড়াই নামতে হবে। তিনি আশা করছিলেন, এই চোট আইপিএলে অংশগ্রহণে অসুবিধা তৈরি করবে না। কিন্তু স্ক্যান রিপোর্টে চোট কতটা গুরুতর তা বোঝা গিয়েছে। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন, যা পরিস্থিতি তাতে শুরুর দিকে ব্যাটার হিসেবে খেলতে স্টোকসের কোনও অসুবিধা হবে না। তবে বোলিংয়ের বিষয়ে অপেক্ষা করতে হবে। ইঞ্জেকশন নিতে হচ্ছে, সে কারণে নেটে হাল্কা বোলিং করেছেন তিনি।
|
ব্যাটিং করছেন চেনা ছন্দেই
স্টোকসের চোটের বিষয় নিয়ে চেন্নাই সুপার কিংসের ফিজিওদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ইসিবি। হাসির কথায়, স্টোকস কয়েক সপ্তাহ পর বোলিং করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে শুরুর দিকের ম্যাচগুলিতে বোলিং করার পরিস্থিতিতে তিনি নেই। যদিও নেটে তিনি যেভাবে তিনি ব্যাট করছেন তাতে সন্তুষ্ট হাসি। স্টোকস ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে জানিয়েছেন, আয়ারল্যান্ড টেস্ট এবং অ্যাশেজের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে তিনি মুখিয়ে রয়েছেন। প্রথমবার অ্যাশেজে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে খুবই উত্তেজিত স্টোকস। অ্যাশেজের আগে স্টোকস পুরো ফিট হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications