কোহলির সঙ্গে ব্যাটিংয়ের 'বিরাট' অভিজ্ঞতা ফাঁস করলেন ডু প্লেসি
আইপিএলের প্রথম ম্যাচেই সুপারহিট বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। মুম্বই ইন্ডিয়ান্সের মত শক্তিশালী দলকে হেলায় হারিয়ে আইপিএলের যাত্রা শুরু করেছে আরসিবি। আর এই জয়ের অন্যতম দুই কাণ্ডারী বিরাট কোহলি এবং ডু প্লেসি । রবিবার চিন্নস্বামী স্টেডিয়ামে ওপেনিং জুটিতেই এই দুই ব্যাটসম্যান তোলেন ১৪৮ রান। যার জেরে জয় অনেকটাই সহজ হয়ে যায় আরসিবির জন্য।

ম্যাচ শেষে বিরাটের সঙ্গে ২২ গজে ব্যাট করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ব্যাঙ্গালোর অধিনায়ক। কিং কোহলির সঙ্গে ব্যাটিং করা যে তাঁকে বাড়তি শক্তি জুগিয়েছে তা উল্লেখ করলেন প্রোটিয়া ব্যাটসম্যান। ডু প্লেসির কথায়, 'আমি প্রথমবার এই মাঠে ঘরের দলের সদস্য হয়ে খেলতে নামলাম যা আমার কাছে অবশ্যই স্পেশাল। বিশেষ করে কোহলির সঙ্গে ব্যাটিং করা। বিরাটের থেকে আমি অতিরিক্ত এনার্জি সংগ্রহ করতে পেরেছি।'
১৭২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন আরসিবির দুই ওপেনার। ৫.৩ ওভারেই মধ্যেই ৫০ রান উঠে যায় স্কোর বোর্ডে। অধিনায়ক ডু প্লেসি ২৯ বলেই তাঁর অর্ধশতরান পূর্ণ করেন। আরসিবির দুই ওপেনারকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয় মুম্বই বোলারদের। পাঁচটি চার ও ছটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৭৩ রান করে আউট হোন প্রোটিয়া ব্যাটসম্যান।
বিধ্বংসী ব্যাটিং করলেও এই মাঠে রান তোলা যে সহজ ছিল না, তা উল্লেখ করেছেন আরসিবি অধিনায়ক । ডু প্লেসি বলেন, 'দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে কত রান চেজ করতে হবে তা সকলেরই জানা থাকে। কিন্তু এই পিচে রান তোলা খুব একটা সহজ কাজ ছিল না। বিশেষ করে স্পিনাররা উইকেট থেকে কিছুটা সুবিধা পাচ্ছিল। কিন্তু সঠিক পজিশনে থাকলে রান উঠছিল।'
পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় যে আগামী দিনে আত্মবিশ্বাস দেবে ব্যাঙ্গালোর দলকে। তা জানাতে ভুল করেননি দলনেতা ডু প্লেসি। আরসিবি অধিনায়ক জানিয়েছেন, 'এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। দলের জন্য এই শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ।' মুম্বইকে হেলায় হারিয়ে এবার আরসিবির মিশন কেকেআর। আগামী ৬ই এপ্রিল ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে নাইটদের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications