IPL 2023 Auction: হ্যারি ব্রুক ঝড় তুললেন আইপিএল নিলামে, কেন উইলিয়ামসন-সহ প্রথম সেটের কে কোথায়?
আইপিএলের নিলামের আসর বসেছে কোচিতে। আজ ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে সর্বাধিক ৮৭ জনকে নিতে পারবে মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি। তাঁদের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশিকে নেওয়া যাবে। বেলা আড়াইটে থেকে কোচির বিলাসবহুল হোটেলে শুরু হয়েছে নিলাম প্রক্রিয়া।

আইপিএল নিলামে উপস্থিত রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল, আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য প্রজ্ঞান ওঝা ও অভিষেক ডালমিয়া। নিলামের প্রথম সেটটি ছিল ব্যাটারদের জন্য। প্রথমে নাম ওঠে কেন উইলিয়ামসনের। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। বেস প্রাইসেই গুজরাত টাইটান্স নিল কেন উইলিয়ামসনকে।
এরপর নিলাম শুরু হয় হ্যারি ব্রুককে নিয়ে। তাঁর বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। রাজস্থান রয়্যালস প্রথমে তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করে। এরপর তাদের লড়াই শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। দর ৫ কোটিতে পৌঁছে যেতে সরে দাঁড়ায় আরসিবি। নিলাম যুদ্ধে নেমে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের ব্যাটারের দর ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় পৌঁছে যেতে সরে দাঁড়ায় রাজস্থান। শেষ অবধি ব্রুককে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
এই সেটে তৃতীয় নামটি ওঠে ময়াঙ্ক আগরওয়ালের। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। আরসিবি তাঁকে নিতে আগ্রহী হলে নিলাম যুদ্ধে যোগ দেয় পাঞ্জাব কিংস। এরপর যোগ দিয়ে দর ৩ কোটিতে তুলে দেয় চেন্নাই সুপার কিংস। সিএসকে ও পাঞ্জাব কিংসের লড়াই চলার সময় তাতে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর থেকে লড়াই চলতে থাকে সানরাইজার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। শেষ অবধি সানরাইজার্স ৮ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল ময়াঙ্ককে। ফলে ময়াঙ্কের হাতেই হায়দরাবাদ কর্তারা ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
চেন্নাই সুপার কিংস ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে অজিঙ্ক রাহানেকে কিনে নেয়। গত বছর রাহানে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথম সেটে দুই ক্রিকেটার অবিক্রিত থেকে গিয়েছেন। এই সেটের নিলাম চলাকালীন পঞ্চম নামটি ওঠে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের। তিনি অবিক্রিত থেকে যান। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। এই সেটের শেষ নামটি ছিল রাইলি রুসোর। ২ কোটি টাকা ছিল তাঁর বেস প্রাইস। দক্ষিণ আফ্রিকার এই আক্রমণাত্মক ব্যাটারকেও কেউ কিনতে আগ্রহ দেখাননি।












Click it and Unblock the Notifications