IPL 2023: অর্জুন তেন্ডুলকরের হাতে কীসের কামড়? প্লে-অফের দৌড়ে কোথায় দাঁড়িয়ে মুম্বই ও লখনউ?
আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। যারাই জিতবে তাদের সামনে উজ্জ্বল হবে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা। তবে পয়েন্ট তালিকায় আপাতত মুম্বই এগিয়ে রয়েছে লখনউয়ের চেয়ে।
এদিনের ম্য়াচে অর্জুন তেন্ডুলকরের মুম্বই দলে ফেরার সম্ভাবনা নেই। অর্জুন এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন। গুজরাত টাইটান্স ম্যাচ খেলেছিলেন ২৫ এপ্রিল। তারপর থেকেই প্রথম একাদশের বাইরে। এরই মধ্যে যে হাত বোলিং করেন সেই আঙুল নিয়ে ভুগছেন সচিন-পুত্র।

লখনউ সুপার জায়ান্টস একটি ভিডিও পোস্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে অনুশীলনের ফাঁকে অর্জুন মিলিত হচ্ছেন লখনউয়ের একাধিক ক্রিকেটারের সঙ্গে, তাঁদের সঙ্গে আলিঙ্গনাবদ্ধও হচ্ছেন। যুধবীর সিং, মহসীন খানদের সঙ্গে অর্জুনের আলাপচারিতা থেকেই জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য।
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023
অর্জুন বল করেন বাঁ হাতে। সেই হাতের আঙুলেই কুকুরের কামড় খেয়েছেন। কোথায়, কীভাবে অর্জুনকে কুকুর কামড়াল তা জানা যায়নি। অর্জুন প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের জানান কুকুরের কামড় খাওয়ার কথা। তাঁরা বিস্মিতও হন। জানতে চান এখন তিনি কেমন আছেন। অবস্থা যে খুব উদ্বেগের নয়, তা জানান সচিন-পুত্র। তবে কিছুটা অস্বস্তি তো আছেই।

মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.১১৭। আজ লখনউয়ে খেলার পর লিগ পর্বে রোহিত শর্মারা নিজেদের শেষ ম্য়াচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবেন সানরাইজার্স হায়দরাবাদের।
লখনউ সুপার জায়ান্টসের রয়েছে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট। আজ জিতলেও ক্রুণাল পাণ্ডিয়াদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। সেক্ষেত্রে শেষ ম্যাচে ২০ তারিখ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিতে হবে। লখনউয়ের নেট রান রেট ০.৩০৯।
গুজরাত পৌঁছে গিয়েছে শেষ চারে। মুম্বই ইন্ডিয়ান্স যদি শেষ দুটি ম্যাচে জেতে তারাও ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে থাকতে পারবে। যদি একটিতে জেতে এবং একটিতে হারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে। মুম্বই দুটি ম্যাচেই হারলে প্লে-অফে যাওয়া কঠিন হয়ে যাবে। ১৪ পয়েন্ট নিয়ে লড়তে হতে পারে অন্তত চারটি দলের সঙ্গে।

লখনউ আজ জিতলে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাবনা শেষ হয়ে যাবে। যদি লখনউ একটিতে জেতে ও একটিতে হারে তাহলে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভরশীল থাকতে হবে। নেট রান রেট পজিটিভ তাদের ক্ষেত্রে ইতিবাচক দিক।
চেন্নাই, মুম্বই, আরসিবি ও পাঞ্জাব ১৬ বা তার বেশি পয়েন্ট পেতে পারে। সেক্ষেত্রে একটি ম্যাচে হারলে চাপে থাকবে লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications