IPL 2022: আইপিএলে চ্যাম্পিয়ন ও রানার-আপ পাবে কত টাকার আর্থিক পুরস্কার? লক্ষ্মীলাভ আরসিবি-লখনউয়েরও
আজ রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাইভোল্টেজ আইপিএল ফাইনাল। লিগ পর্বের প্রথম দুই দলই মুখোমুখি হবে ফাইনালে। গুজরাত টাইটান্স এবারে আইপিএলে কোয়ালিফায়ার-সহ দুটি সাক্ষাতেই রাজস্থানকে হারিয়েছে। গুজরাত টাইটান্স আবির্ভাবেই যেমন চ্যাম্পিয়ন হতে মুখিয়ে, তেমনই ১৪ বছর পর খেতাবের কাছাকাছি পৌঁছে মরিয়া লড়াই দিতে প্রস্তুত রয়্যালস।

আগামী বছর থেকে নয়া ভাবনা
এরই মধ্যে জল্পনা চলছে কোন দল কত টাকার আর্থিক পুরস্কার পেতে চলেছে তা নিয়ে। ইনসাইডস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, এক বিসিসিআই আধিকারিকের দাবি এবারের আইপিএলে প্রাইজমানি বাড়ছে না। তবে আগামী বছর থেকে তা ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানো হতে পারে। এ নিয়ে বোর্ডকর্তাদের মধ্যে আলোচনাও চলছে।

আসছে পরিবর্তন
আগামী মাসেই আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কাদের হাতে থাকবে তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। বোর্ডকর্তাদের আশা, দুটি দল বাড়ায় বোর্ডের ঘরে রেকর্ড পরিমাণ অর্থই আসবে। যদিও এবারের আইপিএলের ম্যাচগুলির টিভি রেটিং কিছুটা হতাশ করেছে বোর্ডকর্তাদের। সেই কারণে আগামী বছর থেকে আইপিএলের ম্যাচগুলি শুরুর সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হতে পারে। যেমনটা প্রথম থেকে হতো। স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচারের দায়িত্ব পাওয়ার পর সময় পরিবর্তন হয়েছিল। সোনি সম্প্রচারের সময় যেমন আইপিএল শুরু হতো বিকেল চারটে ও রাত আটটা থেকে, সেই সময় আধ ঘণ্টা করে এগিয়ে আনা হয়।

এবার কত প্রাইজমানি?
জনৈক বোর্ডকর্তার দাবি, আগামী বছর থেকে প্রাইজমানি বাড়লেও তা ঠিক কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে এবার আইপিএল প্রাইজমানি না বাড়লে আজ যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। রানার-আপ দল পাবে ১৩ কোটি টাকার আর্থিক পুরস্কার। তিন নম্বর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত কোটি ও লখনউ সুপার জায়ান্টস পাবে সাড়ে ৬ কোটি টাকা। করোনা অতিমারির কারণে আনুষঙ্গিক বেশ কিছু খরচ বেড়ে যাওয়ার ফলেই বিগত কয়েক বছর ধরে আইপিএলের প্রাইজমানি বাড়ানো যাচ্ছে না বলেই বোর্ড সূত্রে জানা যাচ্ছে। দুটি নতুন দল এবার আইপিএলে আসায় বোর্ডের ভাণ্ডারে যেমন অর্থের পরিমাণ বেড়েছে, তেমনই ১ হাজার কোটি টাকার উপর স্পনসর ডিলও বোর্ড আইপিএলকে কেন্দ্র করে সম্পূর্ণ করতে পেরেছে।

শেষ বেড়েছিল ৬ বছর আগে
উল্লেখ্য, আইপিএলের প্রাইজমানি ২০১৬ সালে বাড়ানো হয়েছিল। ২০১৭ সালে তা কমানো হয়, চ্যাম্পিয়ন দল পায় ১৫ কোটি টাকা। ২০১৮ ও ২০১৯ সালে তা বাড়িয়ে করা হয় ২০ কোটি টাকা। ২০২০ সালের আইপিএলে তা কমিয়ে ১০ কোটি করা হয়, এরপর গত বছর তা ফের নিয়ে যাওয়া হয় ২০ কোটি টাকায়। আগামী মাসে মিডিয়া রাইটস থেকে ৩০ হাজার কোটি টাকার বেশি বোর্ডের ঘরে ঢুকতে চলেছে। তাতেই আগামী বছর থেকে বাড়বে প্রাইজমানি।












Click it and Unblock the Notifications