IPL 2022: আইপিএলে গতির লড়াইয়ে নয়া নজির উমরানের, জাদেজার সিএসকের ত্রুটি চিহ্নিত করলেন হরভজন
আইপিএলে ফের গতির লড়াইয়ে চমক দেখালেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। গত বছরের আইপিএলে টি নটরাজনের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে একের পর এক দ্রুতগতির বল করে নজর কেড়েছিলেন, তাঁকে এবারের নিলামের আগে ৪ কোটি টাকায় রেখেও দিয়েছিল অরেঞ্জ আর্মি। চলতি আইপিএলে দ্রুতগতির বল করে তিনি নিজেই নিজের রেকর্ডটি ভেঙে দিলেন।

(ছবি- উমরান মালিকের ইনস্টাগ্রাম)
সানরাইজার্সের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি ঘণ্টায় ১৫২.৪ কিলোমিটার বেগে বল করেছিলেন। সেটা আজ ভেঙে গেল সিএসকের বিরুদ্ধে। আজ নিজের দ্বিতীয় ওভার করতে এসে অম্বাতি রায়ুডুকে ম্যাচের নবম ওভারের প্রথম যে বলটি করেন তার গতিবেগ ধরা পড়ে ঘণ্টায় ১৫৩.১ কিমি.।
J&K's pride Umran Malik clocked 153.1 Kph in his second over on 8.1. That's the fastest ball delivered by an Indian in IPL History!
— Ashish Sood (@ashishsood_bjp) April 9, 2022
Commendable! 👏🏻👏🏻🇮🇳 pic.twitter.com/pEgMn0XnmL
এই বলে ইনসাইড এজে এক রান নেন রায়ুডু। এই প্রথম ভারতীয় কোনও বোলার আইপিএলে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বা তার বেশি বেগে বল করলেন। আইপিএলের ইতিহাসে তিনি দ্রুতগতির বল করার নিরিখে হলেন পঞ্চম বোলার। শন টেট (১৫৭.৭১ কিমি./ঘণ্টা), আনরিখ নরকিয়া (১৫৬.২২ কিমি./ঘণ্টা, ১৫৫.২১ কিমি./ঘণ্টা, ১৫৪.৭৪ কিমি./ঘণ্টা ও ১৫৪.২১ কিমি./ঘণ্টা), ডেল স্টেইন (১৫৪.২১ কিমি./ঘণ্টা ও ১৫৪.৪ কিমি./ঘণ্টা) এবং কাগিসো রাবাডা (১৫৪.২৩ কিমি./ঘণ্টা)-র পরেই রইলেন জম্মু ও কাশ্মীরের পেসার উমরান। সেরা গতির বলটির পাশাপাশি উমরান এদিন তিনি ১৪৮.৫, ১৫০.৯, ১৫১.৪ ও ১৫২.৩ কিমি./ঘণ্টাতেও বোলিং করেছেন।

এই প্রথমবার এত খারাপভাবে চেন্নাই সুপার কিংস আইপিএল অভিযান শুরু করল। চলতি আইপিএলে এখনও একমাত্র দল হিসেবে তারাই এবার প্রথম চারটি ম্যাচে হেরেছে। সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা বলেন, বোলিং বিভাগের পারফরম্যান্স হতাশ করেছে। এমনিতে আমাদের ২০-২৫ রান আরও বেশি করা উচিত ছিল। তা সত্ত্বেও ১৫৫ খারাপ স্কোর নয়। আমাদের বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা চালিয়েছেন। কাল ছুটি রয়েছে। তবে আমাদের উন্নতি করতে হবে। কোথায় খামতি রয়েছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা প্রত্যেকেই পেশাদার, কঠোর পরিশ্রম করতেই হবে। সম্মিলিতভাবেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।

সিএসকের প্রাক্তনী হরভজন সিং চেন্নাই সুপার কিংসের দুটি খামতি ইতিমধ্যেই চিহ্নিত করে দিয়েছেন। দীপক চাহারের না থাকা সিএসকের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন ভাজ্জি। তিনি বলেছেন, চেন্নাই সুপার কিংস দলে চাহারের মতো এমন কেউ নেই যিনি পাওয়ারপ্লে ওভারে নতুন বলে কয়েকটি উইকেট ফেলে দিতে পারবেন। এমনকী ৭ থেকে ১৫ ওভারের মধ্যে উইকেট এনে দেওয়ার মতো স্পিনারেরও অভাব রয়েছে। সেই সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়ও ব্যর্থ হওয়ায় সিএসকের শুরুটা ভালো হচ্ছে না। তবে সিএসকে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী হরভজন। উল্লেখ্য, চলতি আইপিএলে সানরাইজার্সের ওপেনিং জুটি এদিন ভাঙে ১২.১ ওভারে ৮৯ রানে। এবার এই প্রথম সানরাইজার্স ওপেনিং জুটিতে এত রান তুলল। তারপর ৫০ বলে ৭৫ করা অভিষেক শর্মা যখন আউট হন, সানরাইজার্স তখন জয়ের দোরগোড়ায়।












Click it and Unblock the Notifications