IPL 2022: আইপিএলে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠাল সানরাইজার্স হায়দরাবাদ, প্রথম একাদশে কারা?
আইপিএলের ৩৬তম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। সাতটি ম্যাচ খেলে আরসিবির পয়েন্ট ১০। ফাফ দু প্লেসির দল পয়েন্ট তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের, এখনও অবধি অরেঞ্জ আর্মি রয়েছে পাঁচে। আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের পারস্পরিক দ্বৈরথে হায়দরাবাদ জিতেছে ১১টিতে, আরসিবি ৮টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শেষ পাঁচটি সাক্ষাতে সানরাইজার্স এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে আরসিবি সানরাইজার্সকে হারিয়েছিল ৬ রানে। ফিরতি সাক্ষাতে সানরাইজার্স জেতে ৪ রানে। ২০১৬ সালের আইপিএল ফাইনালে আরসিবিকে হারিয়েই খেতাব জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
|
বিরাট প্রত্যাশা
বিরাট কোহলি চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই। আর সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কোহলির পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসিদের ব্যাটে বড় রানের প্রত্যাশা করবে আরসিবি। বিরাট কোহলি সানরাইজার্সের বিরুদ্ধে আরসিবির হয়ে সবচেয়ে বেশি ৫৬৯ রান করেছেন। সানরাইজার্স ম্যাচে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১৫৩-এর উপর। নজর থাকবে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের দিকেও। সানরাইজার্সের বিরুদ্ধে গতবারের আইপিএলে আরসিবিকে জেতানোর পিছনে অবদান ছিল তাঁর। ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন শাহবাজ, আরসিবির বোলারদের মধ্যে সানরাইজার্সের বিরুদ্ধে এটিই সেরা পারফরম্যান্স।
|
আত্মবিশ্বাসী অরেঞ্জ আর্মি
সানরাইজার্সও আরসিবির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টানা চারটি ম্যাচে জিতে কেন উইলিয়ামসনের দলের আত্মবিশ্বাস তুঙ্গে। আরসিবির ব্যাটিং গভীরতা যথেষ্টই ভালো, তাকে সানরাইজার্সের ফর্মে থাকা বোলাররা কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন সেদিকে ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে। উমরান মালিক প্রতি ম্যাচেই গতির ঝড় তুলছেন। নটরাজন, ভুবনেশ্বরদের পাশাপাশি আরসিবিকে ভাঙতে উমরানও বড় অস্ত্র হতে চলেছেন উইলিয়ামসনের।
|
অপরিবর্তিত একাদশ
চলতি আইপিএলের ধারা অব্যাহত রেখে সানরাইজার্স টস জিতে ফিল্ডিংই নিয়েছে। দুই দলের প্রথম একাদশেই আজ কোনও পরিবর্তন হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কোন দলে কারা রয়েছেন:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউড, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, মার্কো জানসেন, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন












Click it and Unblock the Notifications