IPL 2022: আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ নিয়মরক্ষার! পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং হায়দরাবাদের
আইপিএলের লিগ পর্যায়ের শেষ তথা ৭০তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। দুই দলই ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন দেশে ফিরে যাওয়ায় সানরাইজার্সকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) মুখোমুখি হয়েছে ১৯টি ম্যাচে। তার মধ্যে সানরাইজার্স জিতেছে ১৩টিতে, ৬টি ম্যাচে জয়লাভ করেছে পাঞ্জাব। শেষ পাঁচটি সাক্ষাতে হায়দরাবাদ তিনটি ও পাঞ্জাব ২টিতে জিতেছে। চলতি আইপিএলে গত ১৭ এপ্রিল মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।
|
নজরে উমরান ও অর্শদীপ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য আজই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং ও সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক চলতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই দলে জায়গা পেয়েছেন। উমরান ১৩টি ম্যাচে ২১টি উইকেট দখল করেছেন। সেরা বোলিং ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট। গড় ২০, ইকনমি ৮.৯৩। এবারের আইপিএলে অসাধারণ বোলিং করছেন অর্শদীপ সিং। বিশেষ করে ডেথ ওভারে চাপের মুখে তাঁর বোলিং দলের জয়ে অবদান রেখেছে। ১৩টি ম্যাচে অর্শদীপ ১০ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট। গড় ৩৬, ইকনমি ৭.৮৩।
|
টস জিতে ব্যাটিং
গতকাল যে পিচে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হয়েছিল আজকের ম্যাচটিও হচ্ছে সেই উইকেটেই। পিচ রিপোর্ট দিতে গিয়ে গ্রেম স্মিথ বলেন, ১৬০ এই পিচে লড়াইয়ের মতো স্কোর। সাহায্য পাবেন স্পিনাররা। গতকাল এই পিচে খেলা হয়েছিল। সে কারণেই আজকের ম্যাচে পরে ব্যাট করতে চাইছেন না ভুবি। সে কারণেই টস জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন। নিয়মরক্ষার ম্য়াচ হলেও পয়েন্ট তালিকায় কিছুটা উঠে সম্মানজনক জায়গায় শেষ করাই লক্ষ্য অরেঞ্জ আর্মির। এই ম্যাচেও তাঁরা জয়ের লক্ষ্যেই নামবেন বলে জানান পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা জানিয়ে তিনটি পরিবর্তনের উল্লেখও করেন। যদিও বাংলার ঈশান পোড়েলকে খেলানো হলো না!
|
দুই দলেই পরিবর্তন
হায়দরাবাদ দলে দুটি পরিবর্তন। কেন উইলিয়ামসনের জায়গায় রোমারিও শেফার্ড, টি নটরাজনের জায়গায় জগদীশা সুচিথ। পাঞ্জাব কিংস দলে তিনটি পরিবর্তন। ভানুকা রাজাপক্ষ, রাহুল চাহার ও ঋষি ধাওয়ানের জায়গায় নাথান এলিস, শাহরুখ খান ও প্রেরক মাঁকড়।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), ফজলহক ফারুকি, উমরান মালিক, জগদীশা সুচিথ
পাঞ্জাব কিংস- জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, নাথান এলিস, কাগিসো রাবাডা,প্রেরক মাঁকড়, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications