IPL 2022: বিধ্বস্ত ব্যাঙ্গালোর! ১২ ওভার বাকি থাকতে ৯ উইকেটে বিরাট জয় সানরাইজার্স হায়দরাবাদের
চলতি আইপিএলে টানা পঞ্চম জয় ছিনিয়ে নিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর আরসিবিকে ১৬.১ ওভারে ৬৮ রানে গুটিয়ে দিয়েছিল অরেঞ্জ আর্মি। এরপর ৮ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে সানরাইজার্স। এই জয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন উইলিয়ামসনরা।

বিরাট বিপর্যয়
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আরসিবি। ১৬.১ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় শেষ সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জেতা ফাফ দু প্লেসির দল। শেষ ৮টি উইকেট পড়ে মাত্র ২১ রানের মধ্যে। সুযশ প্রভুদেশাই ১৫ ও গ্লেন ম্যাক্সওয়েল ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। টি নটরাজন ৩ ওভারে ১০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।

ম্যাচের সেরা মার্কো জানসেন
চার ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা মার্কো জানসেন। এদিন নিজের প্রথম ওভারেই তিনি ফাফ দু প্লেসি, বিরাট কোহলি ও অনুজ রাওয়াতের উইকেট তুলে নিয়েছিলেন। দিনের সেরা গতির বলটি করেছেন উমরান মালিক। সেটি ছিল ১৫১.১ কিলোমিটার/ঘণ্টা। জগদীশা সুচিথ ৩ ওভারে ১২ রান দিয়ে ২টি এবং উমরান ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নেন।

সহজ জয়
জবাবে খেলতে নেমে ১০ উইকেটে জয়ের দিকেই এগোচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে অরেঞ্জ আর্মির স্কোর ছিল বিনা উইকেটে ৫৬। ৭.২ ওভারে অভিষেক শর্মা আউট হন দলের ৬৪ রানের মাথায়। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৮ বলে ৪৭। অভিষেক উইলিয়ামসনের সঙ্গে ব্যাটিং যেমন উপভোগ করছেন, তেমনই ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ হিসেবে পেয়ে তাঁর খেলার উন্নতি হচ্ছে বলেই দাবি করেছেন। হর্ষল প্যাটেল হায়দরাবাদের ইনিংসের একমাত্র উইকেটটি দখল করেন। ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ১৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। তিন বলে ৭ রানে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠী। জশ হ্যাজলউড তিন ওভারে ৩১ রান দেন। হর্ষল ২ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন। মহম্মদ সিরাজ ২ ওভারে ১৫ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ১ ওভারে ৭ রান দেন।

দুইয়ে সানরাইজার্স, চারে আরসিবি
আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, প্রথম চার ওভারই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। শুরুর দিকে বেশি উইকেট হারানো চলবে না। মার্কো জানসেন-সহ সানরাইজার্সের বোলাররা ভালো স্যুইং করাচ্ছিলেন। কিন্তু এটাও অজুহাত নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। বড় টুর্নামেন্টে এই পরাজয় থেকে শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী দু প্লেসি। চিন্তায় রাখছে বিরাট কোহলির ফর্ম। সুনীল গাভাসকরের পরামর্শ, নেমেই রান তোলার লক্ষ্যে আগ্রাসী না হয়ে থিতু হওয়ার চেষ্টা করুন বিরাট। অন্তত ৮ ওভার ক্রিজে কাটালেই বড় রান আসবে। ফাফ দু প্লেসির সঙ্গেও এ বিষয়ে বিরাট আলোচনা করে আরও ফোকাসড থাকতে পারেন। এই দুঃসময় কাটিয়ে বিরাট ফর্মে ফিরবেন বলে আশাবাদী কেভিন পিটারসেনও। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল সানরাইজার্স। তাদের নেট রান রেট দাঁড়াল ০.৬৯১, যা সর্বাধিক। গুজরাত টাইটান্স ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে, তাদের নেট রান রেট ০.৩৯৬। আরসিবি চারে নেমে গেল, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭২। বিপক্ষকে কম রানে বেঁধে ফেলে নেট রান রেট ভালো করা যে লক্ষ্য ছিল তা স্বীকার করেছেন সানরাইজার্স ক্যাপ্টেন।












Click it and Unblock the Notifications