IPL 2022: বিরাটকে নিয়ে বড় পদক্ষেপের পথে নির্বাচকরা! গাভাসকরের পরামর্শ মানবেন কোহলি?
আইপিএলে ব্যর্থতার জেরে এবার বিরাট কোহলির সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচকরা। রবি শাস্ত্রী, মাইকেল ভনরা বিরাটকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। এরই মধ্যে চেনা ছন্দে ফিরতে বিরাটকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সতর্ক করলেন সুনীল গাভাসকর।

বিরাট ব্যর্থতা
চলতি আইপিএলে তিনবার প্রথম বলে আউট হয়েছেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল্ডেন ডাক। ১২টি ইনিংসে ৬ বার কোহলি দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। একটি অর্ধশতরান পেলেও গোটা টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট হতাশাজনক। ১৯-এর কাছাকাছি গড় আর ১১১.৩ স্ট্রাইক রেটে বিরাট ১২টি ম্যাচে ২১৬ রান করেছেন। সবচেয়ে বড় কথা কোহলিকে অস্বস্তিতে ফেলছেন স্পিনাররাও।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে?
আইপিএল শেষ হলেই ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজ খেলবে। পাঁচ ম্যাচের সিরিজের দল ঘোষণার সম্ভাবনা রয়েছে আইপিএল ফাইনালের আগেই। বিরাট কোহলি বিশ্রাম নিতে চান কিনা সে ব্যাপারে তাঁর মতামত জানতে চাইবেন বির্বাচকরা। তাঁরা মনে করছেন, এমন খারাপ সময় সকলের জীবনেই আসে, কেটেও যায়। বিরাট যে ছন্দে ফিরবেন সে ব্যাপারে সংশয় নেই। কিন্তু ভারতীয় দলের স্বার্থরক্ষায় তাঁর মতামত জেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

কোহলির সঙ্গে কথা বলবেন নির্বাচকরা
বিরাটকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে কম বিতর্ক হয়নি। বিরাটের সঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংঘাতের আবহ তৈরি হয়। সাংবাদিক সম্মেলন করেন নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা। বিরাট এখন অধিনায়ক নন, খারাপ ফর্মের কারণে অজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পূজারার মতো বাদ পড়তেই পারেন। কিন্তু তবু তাঁর ব্যাপারে সাবধানী পদক্ষেপই করবেন নির্বাচকরা। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলিকে 'বিশ্রাম' দিয়ে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে কয়েকজনকে দেখে নেওয়া হতে পারে, যাঁরা আইপিএলে নজর কেড়েছেন। আয়ারল্যান্ড সফরে ভারতের দ্বিতীয় সারির দল যাবে। ফলে বিরাটকে ইংল্যান্ড সিরিজের দলে রাখা হবে বলে মনে করা হচ্ছে।

গাভাসকরের যুক্তি
যদিও কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, বিরাট কোহলির বিশ্রাম নেওয়া উচিত নয়। সানির মতে, বিরাট বিশ্রাম নিয়ে দেশের হয়ে ম্যাচ খেলবেন না, এটা ঠিক নয়। ভারতের হয়ে ম্যাচ খেলাকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। না খেললে কেউ ফর্মে ফিরবেন কীভাবে? ড্রেসিংরুমে বসে থেকে ফর্মে ফেরা যায় না। যত বেশি খেলা যায় ততই ফর্মে ফেরার সম্ভাবনা বাড়ে। সকলে দেশের হয়ে সেরা ফর্মে থাকতে চায়। সেখানে দেশের হয়ে না খেলে বিশ্রাম নেওয়া একেবারেই ঠিক হবে না। আমরা সকলেই চাই ভারতের হয়ে রান করুক কোহলি। আমরা সকলেই তাঁর ব্যাটে বড় রান দেখতে মুখিয়ে রয়েছি।












Click it and Unblock the Notifications