IPL 2022: বিরাট-রোহিতের দুঃসময়ে পাশে সানি, ধোনির জন্য এ কী করলেন গাভাসকর!
চেন্নাই সুপার কিংসকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে প্রথম জয়ের অপেক্ষায় থাকা মুম্বই ইন্ডিয়ান্সের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে। চল্লিশেও ধোনি-ধামাকায় মজে ক্রিকেটপ্রেমীরা। তবে সুনীল গাভাসকর যা করলেন তা আগে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সানির ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল।
— ChaiBiscuit (@Biscuit8Chai) April 22, 2022 |
ধোনির জন্য
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে গতকাল রাতে সম্প্রচারকারী চ্যানেলের ম্যাচ পরবর্তী বিশ্লেষণের অনুষ্ঠানে হাজির ছিলেন সঞ্চালিকা নেরোলি মেডোস এবং তাঁর সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন সুনীল গাভাসকর ও ম্যাথু হেডেন। শেষ চার বলে দরকার ছিল ১৬। জয়দেব উনাদকাটের শেষ চারটি বলে ধোনি যথাক্রমে ৬,৪,২ ও ৪ চার মেরে চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন। শেষ বলে জিততে দরকার ছিল ৪। উনাদকাটের ইয়র্কার ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই মুম্বইয়ের স্বপ্নভঙ্গ করেন ধোনি। সুনীল গাভাসকর নিজেও মুম্বইকর। ম্যাচের শেষে ধোনিকে কুর্নিশ জানাতে গিয়ে হাঁটু ভাঁজ করে যে ভঙ্গিমায় সুনীল গাভাসকরকে দেখা গেল সেই দৃশ্য ভাইরাল হয়েছে।
|
মাহির প্রশংসা
মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে সানি পরে বলেন, এই পরিস্থিতিতে যেখানে এতটা চাপ, সেখান থেকে দলকে জেতাতে পারেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি। তিনি যে জেতাতে পারবেন না এক মুহূর্তের জন্যও তা ভাবেননি তিনি। যেভাবে ম্যাচটিকে ধোনি শেষ করলেন তা অসাধারণ। ধোনি নিজে যেমনটা চাইছেন, বোলারকে ঠিক সেটাই করতে বাধ্য করেছেন ধোনি। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও স্বীকার করেছেন, ধোনির কাছেই হেরে গেলেন। ধোনি ক্রিজে থাকায় জয় আসছে, টেনশনের মধ্যেও এই বিশ্বাস ছিল বলে জানিয়েছেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা।
|
বিরাট-রোহিতের পাশে
চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যেমন আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন এবং সফলতম দল, তেমনই এবার প্রথম দল হিসেবে প্রথম সাতটি ম্যাচেই টানা পরাজয়ে লজ্জার রেকর্ড গড়েছে। আইপিএলে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি ৭ ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন, গড় ১৯.৮৩, স্ট্রাইক রেট প্রায় ১২৪। রোহিত শর্মা ৭ ম্যাচে ১১৪ করেছেন, গড় ১৬.২৮, স্ট্রাইক রেট প্রায় ১২৭। সুনীল গাভাসকর বলেন, যখন কারও খারাপ সময় চলে, তখন সহজ সহজ ক্ষেত্রেও ভুল হয়। এমনকী একটা ভালো বল বা ভালো ক্যাচেও কেউ আউট হয়ে যেতে পারেন। বিরাট কোহলির ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। প্রথম ভুলটারই মাশুল দিতে হচ্ছে।

বড় রানের দাওয়াই
বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে গাভাসকর বলেন, রোহিতের থেকে যা রান প্রত্যাশিত সেটা ৭টি ইনিংসে আসেনি। কিন্তু ফর্মে ফিরতে একটি ইনিংসই প্রয়োজন। মুম্বই ইন্ডিয়ান্স সেটাই চাইবে। রোহিত রান পেলে তার ইতিবাচক প্রভাব দলের উপরও পড়বে। রোহিত রান পেলে, তা যদি ৮০-৯০-এর ঘরেও হয়, তাহলেই বড় রান তুলতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। জিততে হলে ব্যাটারদের রান করতে হবে। দলগত সংহতিতে ভর করে এগোতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোহিতের ফর্ম। গাভাসকর আরও বলেন, রোহিত ও বিরাটের চেনা ছন্দে ফিরতে দরকার একটা ইনিংস। অন্তত ৩০ রান করতে পারলেই তাঁদের ব্যাট থেকে বড় রান আসবে বলে প্রত্যাশা সানির।
(প্রচ্ছদের ছবি- টুইটার)












Click it and Unblock the Notifications