IPL 2022: আইপিএলের জোড়া ম্যাচ দর্শকঠাসা ইডেনে! ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজের খেলাগুলি কোথায়?
জল্পনার অবসান। প্রত্যাশামতোই কলকাতার ইডেন গার্ডেন্সে হবে আইপিএলের জোড়া ম্যাচ। লখনউ কলকাতার সঙ্গে প্লে অফ পাওয়ার দৌড়ে ছিল। আজ মুম্বইয়ে ছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে আইপিএলের প্লে অফের কেন্দ্রগুলি চূড়ান্ত করা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের টি ২০ চ্যালেঞ্জ ও ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজের ম্যাচগুলির স্থানও চূড়ান্ত করা হয়েছে।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মে মাসের ২৪ ও ২৬ তারিখ যথাক্রমে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ইডেনে। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার আমেদাবাদে। ২৯ তারিখ ফাইনালও হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগেই জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠান না হলেও আইপিএলের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানটি হবে। এ জন্য টেন্ডারও প্রকাশ করা হয়েছে।

সৌরভ আরও জানান, ২২ মে লিগ পর্বের খেলাগুলি শেষ হলে ফাইনাল-সহ প্লে অফের সমস্ত ম্যাচেই স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। সামনের বছর থেকে মহিলাদের আইপিএল শুরুর পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। তার আগে মহিলাদের টি ২০ চ্যালেঞ্জ ফিরছে এবার থেকেই। মে মাসের ২৪ থেকে ২৮ তারিখ অবধি মহিলাদের টি ২০ চ্যালেঞ্জের খেলাগুলি হবে লখনউয়ে।

আইপিএলের পরেই ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে। তারপর রওনা হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি ২০ আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি কবে কোথায় হবে একনজরে দেখে নেওয়া যাক:
৯ জুন, বৃহস্পতিবার- প্রথম টি ২০ আন্তর্জাতিক (দিল্লি)
১২ জুন, রবিবার- দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক (কটক)
১৪ জুন, মঙ্গলবার- তৃতীয় টি ২০ আন্তর্জাতিক (ভাইজ্যাগ)
১৭ জুন, শুক্রবার- চতুর্থ টি ২০ আন্তর্জাতিক (রাজকোট)
১৯ জুন, রবিবার- পঞ্চম টি ২০ আন্তর্জাতিক (বেঙ্গালুরু)












Click it and Unblock the Notifications