IPL 2022: শিখর ধাওয়ানের ধামাকায় পাঞ্জাব কিংস কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলল চেন্নাই সুপার কিংসকে
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে পুরো ২০ ওভারও টেকেনি চেন্নাই সুপার কিংস। হারতে হয়েছিল বড় ব্যবধানে। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যমাত্রা রাখল পাঞ্জাব কিংসে। শিখর ধাওয়ান চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত রইলেন ৮৮ রানে।

দিল্লি ক্যাপিটালস ম্যাচে ১১৫ রানে অল আউট হয়ে ৯ উইকেটে পরাস্ত হওয়ার পর আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলে তিনটি পরিবর্তন করে পাঞ্জাব কিংস। শাহরুখ খানকে বসিয়ে ফেরানো হয় ভানুকা রাজাপক্ষকে। সেই আস্থার মর্যাদা দিলেন শ্রীলঙ্কার ব্যাটার। শিখর ধাওয়ানের সঙ্গে তাঁর দুরন্ত পার্টনারশিপই বড় রান তুলতে সাহায্য করল ময়াঙ্ক আগরওয়ালের দলকে। টস হেরে ব্যাট করতে নেমে ৫.৫ ওভারে দলের ৩৭ রানে মাহিশ থিকশানার শিকার হন ময়াঙ্ক। ২১ বলে ১৮ রান করেন পাঞ্জাব কিংস অধিনায়ক। এরপর শিখর ও ভানুকার জুটিতে ওঠে ১১০ রান।

আইপিএলে ৬ হাজার, টি ২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করার পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ হাজার রান করার নজির গড়লেন শিখর ধাওয়ান। ৭.৫ ওভারে ৫০ রান পূর্ণ হয় পাঞ্জাবের। ১০০ আসে ১২.৩ ওভারে, ১৫০ রানে পাঞ্জাব পৌঁছায় ১৭.৪ ওভারে। শিখর ধাওয়ান এদিন ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৯ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন শিখর। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চলে এলেন তিন নম্বরে। ৮ ম্যাচে ১ বার অপরাজিত থেকে শিখর এখনও অবধি করেছেন ৩০২ রান। লোকেশ রাহুল ৩৬৮ ও জস বাটলার ৪৯১ রান করেছেন। শিখরের ব্যাটিং গড় ৪৩.১৪, স্ট্রাইক রেট ১৩২.৪৫। মেরেছেন সবমিলিয়ে ৩০টি চার ও ৮টি ছয়। চলতি আইপিএলে শিখর দ্বিতীয় তথা আইপিএল কেরিয়ারের ৪৬তম অর্ধশতরানটি এদিন পূর্ণ করেন।

১৭.২ ওভারে দলের ১৪৭ রানের মাথায় ভানুকা রাজাপক্ষ ডোয়েইন ব্র্যাভোর শিকার, ৩২ বলে ৪২ করে আউট হন। তিনি দুটি করে চার ও ছয় মেরেছেন। লিয়াম লিভিংস্টোন ৭ বলে ১৯ রান করেন। তাঁকেও ফেরান ডোয়েইন ব্র্যাভো। শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন জনি বেয়ারস্টো (৩ বলে ৬)। ডোয়েইন ব্র্যাভো ৪ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন। মাহিশ থিকশানা তিন ওভারে ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে একটি উইকেট নেন। ডোয়েইন প্রিটোরিয়াস ৪ ওভারে দেন ৪০। মুকেশ চৌধুরী ৪ ওভারে ৩৬। রবীন্দ্র জাদেজা ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেট পাননি। মিচেল স্যান্টনার ২ ওভারে ৮ রান দিলেও তাঁকে আর ব্যবহার করেননি চেন্নাই ক্যাপ্টেন।












Click it and Unblock the Notifications