IPL 2022: চলতি আইপিএলে রেকর্ড রান তাড়া করতে হবে সানরাইজার্সকে, অনবদ্য ব্যাটিং সঞ্জু-হেটমায়ারের
আইপিএলের ম্যাচে পুনেয় সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রান ৬ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে তারা। শততম আইপিএল ম্যাচে ২৫ বলে ষোড়শ আইপিএল অর্ধশতরান পূর্ণ করেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৫ রান করেন তিনি।
|
ভালো শুরু
প্রথম ওভারের পঞ্চম বলেই জীবন পান জস বাটলার। তার আগের চারটি বলে কোনও রান দেননি ভুবনেশ্বর কুমার। পঞ্চম বলটিতে বাটলারের ক্যাচ প্রথম স্লিপে ধরেছিলেন আব্দুল সামাদ। কিন্তু এটি নো বল হওয়ায় তিনি রক্ষা পান। পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যে কোনও উইকেট হারায়নি রাজস্থান রয়্যালস। ৬.১ ওভারে দলের ৫৮ রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেন যশস্বী জয়সওয়াল। তিনি করেন ১৬ বলে ২০। ৮.১ ওভারে বাটলার উমরান মালিকের বলে কট বিহাইন্ড হন ব্যক্তিগত ২৮ বলে ৩৫ রানে। তিনি তিনটি করে চার ও ছয় মারেন। তারই মধ্যে পেরিয়ে যান আইপিএলে ২ হাজার রানের গণ্ডি।
|
সঞ্জু-দেবদত্তের সেরা জুটি
এরপর তৃতীয় উইকেট জুটিতে দেবদত্ত পাড়িক্কল ও সঞ্জু স্যামসন ৪১ বলে ৭৩ রান যোগ করেন। ১৫ ওভারের শেষ বলে পাড়িক্কল উমরান মালিকের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হন। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে তিনি ২৯ বলে ৪১ রান করেন। সঞ্জু স্যামসনের ঝোড়়ো ব্যাটিং রাজস্থান রয়্যালসের রানের গতি বাড়াতে সহায়তা প্রদান করে। ২৫ বলে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি এদিন তিনি সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ব্যাটারদের মধ্যে মোট সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিলেন। ১৬.১ ওভারে স্য়ামসনকে ফেরান ভুবনেশ্বর কুমার।
|
হেটমায়ার ঝড়
শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগের জুটিতে ভর করে এবারের আইপিএলে দলগত সর্বাধিক রানের নজিরটি গড়ে ফেলে রাজস্থান রয়্যালস। ১৯.১ ওভারে টি নটরাজনের বলে হেটমায়ার চার মারতেই রাজস্থান রয়্যালস টপকে যায় প্রথম ইনিংসে আরসিবির করা ২ উইকেটে ২০৫ রানের নজির। পরের বলে হেটমায়ারকে বোল্ড করেন নটরাজন। দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩৩ করেন হেটমায়ার। পরের বলে আরসিবির বিরুদ্ধে করা পাঞ্জাব কিংসের ২০৮ রানের নজির স্পর্শ করে তার পরের বলেই এবারের আইপিএলে দলগত সর্বাধিক রান নিশ্চিত করে ফেলে রাজস্থান রয়্যালস। ৯ বলে ১২ রান করে নটরাজনের শেষ বলে কট বিহাইন্ড হন রিয়ান পরাগ।
|
নজর কাড়লেন উমরান
ম্যাচের পঞ্চম তথা নিজের প্রথম ওভারে যশস্বী-বাটলারদের দাপটে ২১ রান খরচ করেছিলেন উমরান মালিক। শেষ অবধি চার ওভারে ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী নিশ্চিত, উমরান ভারতীয় দলে খেলবেন। তাঁকে ভারতীয় দলের সঙ্গে রাখার পরামর্শও দিয়েছেন শাস্ত্রী। যেভাবে প্রথম ওভারে ২১ রান খরচের পরও উমরান কামব্যাক করলেন তার প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। নটরাজন কামব্যাক ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি এবং শেফার্ড চার ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট দখল করেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে খরচ করেন ৪৭ রান।












Click it and Unblock the Notifications