IPL 2022: আইপিএলে রাহুল বনাম স্যামসন দ্বৈরথ, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের একাদশ কেমন হবে?
আইপিএলে রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। চারটি ম্যাচের তিনটিতে জিতে লোকেশ রাহুলের দলের সংগ্রহে ৬ পয়েন্ট। রাজস্থান রয়্যালস খেলেছে তিনটি ম্যাচ, জয় দুটিতে, পয়েন্ট রয়েছে ৪।

রাজস্থান রয়্যালস এবারের আইপিএল অভিযান শুরু করেছিল প্রথম দুটি ম্যাচে জয় দিয়ে। যদিও আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাস্ত হয়ে ধাক্কা খেয়েছে। রয়্যালসের অস্ট্রেলীয় অলরাউন্ডার নাথান কুল্টার-নাইল চোটের কারণে দেশে ফিরে গিয়েছেন। কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয়, যিনি গত বছর ১৪টি টি ২০-তে ২৪টি উইকেট দখল করেছেন, হতে পারেন রাজস্থান রয়্যালস একাদশের চতুর্থ বিদেশি। জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়াররা ফর্মে থাকায় ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই। তবে পেসার নভদীপ সাইনি প্রত্যাশার চেয়ে বেশি রান খরচ করে ফেলছেন। বোলিংয়ে অবশ্য রাজস্থানের বড় ভরসা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল জুটি। ওয়াংখেড়েতে বাটলার ১৪৬-এর উপর স্ট্রাইক রেট রেখে আইপিএলে ৫৪৭ রান করেছেন। তাঁর ব্যাটে ফের বড় রান প্রত্যাশা করবে গোলাপি-বাহিনী।

লখনউ সুপার জায়ান্টস দলের ব্যাটিং গভীরতা সমীহযোগ্য। চলতি আইপিএলে লোকেশ রাহুলের দল মোট ৬৯৩ রান করেছে, তার মধ্যে মোট ৪১১ রানই এসেছে কুইন্টন ডি কক, রাহুল ও দীপক হুডার ব্যাট থেকে। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে চমক দিচ্ছেন তরুণ ব্যাটার আয়ুষ বাদোনিও। মহম্মদ শামি, লকি ফার্গুসনদের মতো তারকা পেসাররাও তাঁকে আটকাতে পারেননি। ওয়াংখেড়েতে ৮ ইনিংসে ৩৯৯ রান রয়েছে রাহুলের। একটি শতরান ও দুটি অর্ধশতরান-সহ, স্ট্রাইক রেট ১৪৬। ফলে লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের দিকেও থাকবে বিশেষ নজর। রবি বিষ্ণোইয়ের স্পিন রাহুলের অন্যতম বড় ভরসা হতে চলেছে। লখনউ সুপার জায়ান্টস অ্যান্ড্রু টাইকে খেলাচ্ছিল, কিন্তু তিনি তিনটি ম্যাচে ওভারপিছু ৯.৭২ রান দেওয়ায় কালকের ম্যাচে প্রথম একাদশের বাইরে যেতে পারেন।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, আবেশ খান, রবি বিষ্ণোই, অ্যান্ড্রু টাই বা দুষ্মন্ত চামিরা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি বা ওবেদ ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications