IPL 2022: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস, পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?
আইপিএলে আজ ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আজ আরসিবির লক্ষ্য থাকবে দিল্লি বধ সেরে প্রথম চারে চলে আসা।

আইপিএলে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭টি ম্যাচে। তার মধ্যে ১৬টিতে জিতেছে আরসিবি, ১০টিতে দিল্লি ক্যাপিটালস (পূর্বতন দিল্লি ডেয়ারডেভিলস), একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-তে দিল্লি ও বেঙ্গালুরুর দ্বৈরথ হয়েছে একবারই, সেই ম্যাচটি জিতেছিল আরসিবি। ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে দুটি করেই ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও গত বছরের আইপিএলে দুটি সাক্ষাতেই জয়লাভ করে আরসিবি। প্রথম সাক্ষাতে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি জিতেছিল ১ রানে, ফিরতি সাক্ষাতে ৭ উইকেটে। আজও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের কলকাতা নাইট রাইডার্স ম্যাচে জয়ের পিছনে বড় অবদান ছিল পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ওপেনিং জুটির। বল হাতে মুস্তাফিজুর রহমান যেমন ভরসা দিচ্ছেন, তেমনই খলিল আহমেদ, কুলদীপ যাদবরা প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নিচ্ছেন। মিডল অর্ডার কিছুটা শক্তিশালী করেই নামতে চাইবে ক্যাপিটালস। সেক্ষেত্রে মিচেল মার্শ দলে আসতে পারেন। পাঁচে ব্যাট করতে নামবে অধিনায়ক ঋষভ পন্থ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আজ হর্ষল প্যাটেল নামতে পারেন কিনা সেটা দেখার। সূত্রের খবর, হর্ষল ১১ এপ্রিল আরসিবির বায়ো বাবলে যোগ দিয়েছেন। তাঁর অভাবে আরসিবির বোলিং আক্রমণকে নির্বিষ দেখিয়েছে। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা অনেক রান দিয়ে ফেলছেন। ওপেনার অনুজ রাওয়াত ও ফাফ দু প্লেসি যে মন্থরভাবে শুরু করছেন সেটাও আরসিবির চিন্তার বিষয়।
Time to get PUMPED! 💪🏻
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 16, 2022
We’re Match Day Ready! 🙌🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #DCvRCB pic.twitter.com/NRkB777Vv5
তা সত্ত্বেও আরসিবি দলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। হর্ষল প্যাটেল নিভৃতবাস কাটিয়ে উঠলে আজ প্রথম একাদশেই থাকতে পারেন। হর্ষল দলে এসে বাইরে যেতে হতে পারে আকাশ দীপকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন ইঙ্গিত দিয়েছেন মিচেল মার্শকে খেলানোর। মার্শ এলে বাদ পড়বেন রভম্যান পাওয়েল। আনরিখ নরকিয়ার ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি। তিনি আজ খেলতে পারেন কিনা সেদিকে থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর।
🗣️ "We have been waiting to play there."@imK_Ahmed13 is excited with the prospect of playing at Wankhede as he previews the #DCvRCB clash 👊🏼#YehHaiNayiDilli | #IPL2022 | #CapitalsUnplugged#TATAIPL | #IPL | #DelhiCapitals | #OctaRoarsForDC pic.twitter.com/yb0lM7h7H8
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2022
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য় একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, আকাশ দীপ বা হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications