IPL 2022: ধোনি-বিরাট ফের মুখোমুখি! আরসিবি ও চেন্নাই সুপার কিংসের শক্তি ও দুর্বলতা কোথায়?
আইপিএলের ৪৯তম ম্যাচে কাল পুনের এমসিএ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহেন্দ্র সিং ধোনি সিএসকের অধিনায়কত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। নবম স্থানে থাকা চেন্নাইয়ের কাছে প্লে অফের ওঠার লড়াইয়ে সব ম্যাচই ডু অর ডাই। টানা তিনটি ম্যাচে হারের অস্বস্তি কাটিয়ে শেষ চারের দৌড়ে ভালো জায়গায় থাকতে মরিয়া আরসিবিও। ফলে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

প্রথম সাক্ষাতে
চলতি আইপিএলে এই দুই দলের প্রথম সাক্ষাতটি হয়েছিল গত ১২ এপ্রিল, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সিএসকে জেতে ২৩ রানে। টস জিতে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি নিজের পুরানো দলের বিরুদ্ধে ফিল্ডিং নেন। শিবম দুবের ৪৬ বলে অপরাজিত ৯৫ ও রবিন উথাপ্পার ৫০ বলে ৮৮ রানের দৌলতে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২১৬ তোলে। ওয়ানিন্দু হাসারঙ্গা দুটি উইকেট নেন। জবাবে ৯ উইকেটে ১৯৩ রানের বেশি পৌঁছাতে পারেনি আরসিবি শাহবাজ আহমেদ ২৭ বলে ৪১ ও দীনেশ কার্তিক ১৪ বলে ৩৪ করেন। বিরাট কোহলিকে ১ রানে আউট করেছিলেন মুকেশ চৌধুরী। মাহিশ থিকশানা ৩৩ রানে চারটি ও রবীন্দ্র জাদেজা ৩৯ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাচের সেরা হন শিবম দুবে।

দ্বৈরথে এগিয়ে চেন্নাই
আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ফাঁকে দুই দলের ক্রিকেটারদের দেখা গেল ফুরফুরে মেজাজে। সিএসকে ও আরসিবির পারস্পরিক ২৯টি দ্বৈরথে ১৯টিতে জিতেছে চেন্নাই সুপার কিংস, ৯টিতে আরসিবি, একটি ম্য়াচ পরিত্যক্ত হয়েছিল। শেষ পাঁচটি সাক্ষাতের চারটিতেই জিতেছে সিএসকে। ২০২০ সালে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছিল আরসিবি। তারপর থেকে আর জিততে পারেনি।

সিএসকের শক্তি ও দুর্বলতা
চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে পারে বলে আশাবাদী সুনীল গাভাসকর থেকে সুরেশ রায়না, ইরফান পাঠানের মতো প্রাক্তনরাও। যদিও অনেক কিছু খামতি তাদের মেটাতে হবে বলে উপলব্ধি সানির। মহেন্দ্র সিং ধোনিও সানরাইজার্স ম্যাচ জেতার পর উল্লেখ করেছিলেন ক্যাচ ফেলার সমস্যা, বোলিং বিভাগে অনভিজ্ঞতার কথা। ডেথ ওভার-সহ কয়েকটি ওভারে অত্যধিক রান খরচ করার ফলে কয়েকটি ম্যাচ হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে সিএসকে শিবিরে। তবু যেহেতু দলটির নাম চেন্নাই সুপার কিংস ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ফলে পরিস্থিতি কঠিন হলেও সিএসকে শেষ চারে যাবে বলে আশায় বুক বাঁধছেন ভক্তরা। ইতিবাচক দিক অবশ্যই ওপেনার ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়ের ছন্দে ফেরা।

আরসিবির চিন্তা
চেন্নাইয়ের কিছুটা চিন্তা যখন বোলিং নিয়ে তখন পুরো উল্টো চিত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ৬৮ ও ১১৫ রানে গুটিয়ে গিয়ে দুটি ম্যাচ হারতে হয়েছে। আগের ম্যাচে ১৭০ তুলেও জিততে পারেনি আরসিবি। তবে ইতিবাচক দিকগুলির মধ্যে রয়েছে বিরাট কোহলির ছন্দে ফিরে অর্ধশতরান করা। রজত পাতিদারও ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়েছেন। গ্লেন ম্য়াক্সওয়েল ও ফাফ দু প্লেসি বড় রান পেলেই চেন্নাইয়ের কাজ কঠিন হতে পারে। ওয়ানিন্দু হাসারঙ্গা, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজদের উপরই নির্ভর করবে আরসিবির সাফল্য। আরসিবিকে জিতলেই হবে না, ভালো জায়গায় নিয়ে যেতে হবে নেট রান রেটকেও।
|
নজরে বিরাট দ্বৈরথ
নজর থাকবে বিরাট কোহলির দিকে। আইপিএলে সবচেয়ে বেশি তিনি যে দলের বিরুদ্ধে রান করেছেন সেটি হলো সিএসকে। বিরাট ৯৪৯ রান করেছেন ধোনির দলের বিরুদ্ধে। আগের ম্যাচে অর্ধশতরান ও সর্বাধিক রান করলেও বিরাটের স্ট্রাইক রেট খুশি করতে পারেনি অনেককেই। তবে ছন্দে ফেরার পর বিরাটের স্ট্রাইক রেটের উন্নতি হয় কিনা সেটা দেখার। এ ছাড়া দুই অধিনায়কের দ্বৈরথ বাড়তি পাওনা হবে ক্রিকেটপ্রেমীদের। অধিনায়ক ধোনির কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শিখেছেন ফাফ দু প্লেসি। আইপিএলে এই প্রথমবার তাঁদের ক্রিকেটীয় মস্তিষ্কের ডুয়েল।
|
কেমন হবে দল?
ফিট না থাকায় আগের ম্যাচে ডোয়েইন ব্র্যাভোকে খেলায়নি সিএসকে। তবে ধোনি দলে খুব পরিবর্তন আনতে চান না। মঈন আলি বা ডোয়েইন ব্র্যাভোর অভিজ্ঞতা তিনি কাজে লাগান কিনা সেটা দেখার। তবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে পরিবর্তনের সম্ভাবনা কম।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার বা মঈন আলি, ডোয়েইন প্রিটোরিয়াস বা ডোয়েইন ব্র্যাভো, মাহিশ থিকশানা, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications