IPL 2022: RCB vs KKR দ্বৈরথে এগিয়ে কারা? বিরাট-রাহানে-শ্রেয়সদের সামনে কোন নজিরের হাতছানি?
আইপিএলের ষষ্ঠ তথা নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে কেকেআর। আরসিবি ২০৫ রান তুলেও ১ ওভার বাকি থাকতেই পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংসের কাছে। কেকেআর যেখানে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নামবে, আরসিসি নামবে প্রথম জয়ের সন্ধানে।

পারস্পরিক দ্বৈরথে
কালকের ম্যাচটি আরসিবির হোম ম্যাচ। এখনও অবধি আইপিএলে এই দুই দল ৩০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর জিতেছে ১৭টিতে। আরসিবি নাইটদের হারিয়েছে ১৩টি ম্যাচে। দুই দলের শেষ সাক্ষাতে আরসিবিকে গত আইপিএলে প্লে অফে পরাস্ত করেছিল নাইটরা। তার আগে লিগ পর্যায়ে দুই দলই পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম সাক্ষাতে আরসিবি ৪ উইকেটে ২০৪ রান তুলেছিল, কেকেআর ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি এগোতে পারেনি। আরসিবি ম্যাচ জেতে ৩৮ রানে। ফিরতি সাক্ষাতে সংযুক্ত আরব আমিরশাহীতে আরসিবি কেকেআরের বিরুদ্ধে মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায়। ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে কেকেআর। প্লে অফে আরসিবিকে সাত উইকেটে ১৩৮ রানে বেঁধে ফেলে কেকেআর। ১৯.৪ ওভারেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন দল। এবার অবশ্য দুই দলেরই নতুন অধিনায়ক।

ব্যাটিং রেকর্ড
আইপিএলে আরসিবির কেকেআরের বিরুদ্ধে সর্বাধিক ও সর্বনিম্ন রান যথাক্রমে ২১৩ ও ৪৯। কেকেআরের সর্বাধিক ও সর্বনিম্ন রান যথাক্রমে ২২২ ও ৮৪। আরসিবির হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির (৭৭৪)। কেকেআরের হয়ে আরসিবির বিরুদ্ধে সর্বাধিক রান রয়েছে গৌতম গম্ভীরের (৫৩০)।

সফলতম বোলাররা
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আরসিবির বিরুদ্ধে বল হাতে সবচেয়ে বেশি সফল সুনীল নারিন। আরসিবি ম্যাচে তাঁর ২০টি উইকেট রয়েছে। যুজবেন্দ্র চাহাল এবার রয়েছেন রাজস্থান রয়্য়ালসে। তবে আরসিবির হয়ে কেকেআরের বিরুদ্ধে চাহালই সবচেয়ে বেশি ১৯টি উইকেট দখল করেছেন।

নজিরের হাতছানি
কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্ক রাহানে আর ১৫ রান করলে আইপিএলে চার হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার আর ৫ রান করলে আইপিএলে ২৪০০ রান পূর্ণ করবেন। তিনি যদি ১৮ রান করতে পারেন তাহলে আইপিএলে সর্বাধিক রানের তালিকায় রবীন্দ্র জাদেজা (২৪১২)-কে টপকে যেতে পারবেন। জ্যাক কালিস (২৪২৭)-কে টপকাতে শ্রেয়সকে করতে হবে ৩৩ রান।

রেকর্ডের সামনে বিরাট
বিরাট কোহলিও কয়েকটি নজিরের সামনে দাঁড়িয়ে। বিরাট যদি কেকেআর ম্যাচে তিনটা চার মারতে সক্ষম হন, তাহলে আইপিএলে তাঁর চারের সংখ্যা দাঁড়াবে সাড়ে চারশো। কায়রন পোলার্ড আইপিএলে ২১৪টি ছক্কা মেরেছেন। সেই রেকর্ড টপকাতে বিরাটের দরকার তিনটি ওভার বাউন্ডারি। তাহলেই আইপিএলে সর্বাধিক ছক্কা মারার নিরিখে চলে আসবেন পঞ্চম স্থানে। বিরাট কোহলির আইপিএলে ৪২টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রয়েছে ডেভিড ওয়ার্নারের, ৪৯টি। তারপরেই শিখর ধাওয়ানের ৪৪টি আইপিএল অর্ধশতরান। বিরাট কেকেআর ম্যাচে হাফ সেঞ্চুরি পেলে ধাওয়ানের সঙ্গে ব্যবধান কমাতে পারবেন।












Click it and Unblock the Notifications