IPL 2022: আরসিবিতে আকাশ দীপের সাফল্যে উচ্ছ্বসিত সৌরাশিস, বিহার থেকে বাংলায় কেরিয়ারের মোড় ঘোরে কোন সিদ্ধান্তে?
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত বোলিং করে নজর কেড়েছেন বাংলার বোলিং অলরাউন্ডার আকাশ দীপ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। গতকাল কেকেআর ইনিংসে জোড়া আঘাত হানেন আকাশ দীপ। ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানার পাশাপাশি তিনি উমেশ যাদবের উইকেটটি পেয়েছেন। ৩.৫ ওভারে ৪৫ রান খরচ করে তিন উইকেট। সেই সঙ্গে ম্যাচে সবচেয়ে গতিসম্পন্ন বলটি করার পুরস্কারও পেয়েছেন।

আকাশের কেরিয়ার
রোহতাসের দেহরিতে জন্ম আকাশ দীপের। ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর। ২০১৯ সালের ৯ মার্চ বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে অভিষেক মহারাষ্ট্রের বিরুদ্ধে। ওই বছরেই সেপ্টেম্বরে বিজয় হাজারে ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেন বাংলার হয়ে। ২০১৯ সালের ডিসেম্বরে রঞ্জি তথা প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক কলকাতায় অন্ধ্রের বিরুদ্ধে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৪৫টি, ৫০ ওভারের ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫টি এবং ২৩টি টি ২০ ম্যাচে আকাশ দীপের উইকেট সংখ্যা ৩০। কেকেআর ম্যাচের পর আকাশ দীপ বলেছেন, আমাকে যে পরিকল্পনা অনুযায়ী বল করতে বলা হয়েছিল তা করেছি। নতুন কিছু আলাদা করিনি। যেভাবে বোলিং করে এই জায়গা অবধি পৌঁছাতে পেরেছি সেটাই ম্যাচে করার লক্ষ্য ছিল। নতুন বলে শুরুর দিকে উইকেট তুলে নিতে পেরে তৃপ্ত আকাশ দীপ। উল্লেখ্য, তাঁর গতি আগেই মুগ্ধ করেছিল অধিনায়ক ফাফ দু প্লেসিকে। হর্ষল প্যাটেলদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান আকাশ দীপ।

দারুণ প্রতিভা
আকাশ দীপের উত্থান খুব কাছ থেকে দেখা এবং তাঁকে গাইড করা বর্তমানে বাংলার সিনিয়র দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী উচ্ছ্বসিত বাংলার এই ক্রিকেটারের পারফরম্যান্সে। সৌরাশিস ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, লাল বলের কথা দিয়েই শুরু করি। রঞ্জি ট্রফি খেলেই আকাশ দীপ আইপিএল খেলতে গিয়েছেন। ব্যাটারদের পক্ষে সহায়ক সেশন থাকে মধ্যাহ্নভোজ থেকে চা বিরতি অবধি অর্থাৎ দ্বিতীয় সেশন। উইকেট কিছুটা সহজ হয়ে যায়। প্রথম স্পেল করে বোলাররাও ক্লান্ত থাকেন কিছুটা। ভারতীয় ক্রিকেটে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির মতোই আকাশ দীপের দক্ষতা রয়েছে এই সময়কালে ব্যাটারকে বোলিংয়ের মাধ্যমে চমকে দিয়ে উইকেট তুলে নেওয়ার। পেস আর বাউন্স দিয়ে। এ নিয়ে কোচ লালজি (অরুণ লাল)-এর সঙ্গেও কথা হয়, তিনিও এটা মানেন। এক কথায় আকাশ দীপ ফ্যান্টাস্টিক ফাইটার। গতকালও ঘণ্টায় ১৪৫ কিলোমিটার, ১৪৪ কিলোমিটার বেগে বল করেছেন আকাশ দীপ। তার পুরস্কারও পেয়েছেন।

চমকপ্রদ উত্থান
প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁর উত্থানের কথাও জানালেন সৌরাশিস। তিনি বলেন, বছর ছয়-সাত আগে বিহারে আদি বাড়ি ছেড়ে এসে আসানসোলে কাকার বাড়িতে থাকতেন আকাশ দীপ। কলকাতায় খেলার জন্য। ময়দানে প্রথম খেলেন ইউনাইটেড ক্লাবে। মনে আছে আমি তখন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হেড কোচ। অনুশীলন ও ম্যাচ খেলতে আমাদের বেঙ্গালুরু ও ভাইজ্যাগ যাওয়ার কথা ছিল। সেই সময় পিঠে চোট পান আকাশ দীপ। সাধারণভাবে কেউ চোট পেলে তাঁকেই সারিয়ে নিয়ে ম্যাচ ফিট হতে বলা হয়। কিন্তু এক্ষেত্রে সিএবি প্রশংসনীয় ভূমিকা নেয়। আমরা চেয়েছিলাম চোট থাকলেও আকাশ দীপকে দলের সঙ্গেই রাখতে। আমরা জানতাম আকাশ দীপ দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। এখানে থাকলে সময় নষ্ট হতো। দলের সঙ্গে থাকলে ফিজিও, ট্রেনারদের তত্ত্বাবধানে ফিট হতে পারবেন বুঝেই ওই সিদ্ধান্ত নিই। সিএবি অনুমতি দিয়ে ওঁর পাশে থেকেছিল। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান আকাশ দীপ। এরপর সি কে নাইডু ট্রফির ফাইনাল অবধি দলের হয়ে ভালো পারফর্ম করে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় প্রথম দিকে ছিলেন। তারপর বাংলার টি ২০ দলে ডাক পাওয়া, ২টি ম্যাচে ৪ উইকেট নেওয়া। তারপর সব ফরম্যাটেই সুযোগ পান, এমনকী বাংলাকে রঞ্জি ফাইনাল অবধি নিয়ে গিয়ে সর্বাধিক উইকেটশিকারীও হন।
|
আকাশের অস্ত্র
সৌরাশিস নিশ্চিত, আকাশ দীপের সামনে তাঁর ফিটনেস আরও বাড়ানোর সুযোগ রয়েছে আরসিবিতে, বিশেষ করে বিশ্বের অন্যতম সেরা ফিট প্লেয়ার বিরাট কোহলি রয়েছেন। নিশ্চিতভাবেই বিরাটের থেকে নানা পরামর্শে সমৃদ্ধ হবেন আকাশ দীপ। তাঁর ফিটনেস আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে। গায়ের জোর ভালোই, টানা বোলিং করতেও দক্ষ। অনেকটা অশোক দিন্দার মতো, যেখানে দিনের প্রথম বল থেকে শেষ বল অবধি কোনও ফারাক চোখে পড়বে না। একই রকমের প্রয়াস দিয়ে ধারাবাহিকভাবে গতিকে কাজে লাগিয়ে বোলিং করতে পারেন। সৌরাশিস জানালেন, স্টুয়ার্ট ব্রড ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে বিশেষ ধরনের একটা বল করে থাকেন। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিং করে বলটা একটা অ্যাঙ্গেল হয়ে ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে যাওয়ার মতো খুবই কার্যকরী একটি ডেলিভারি। যা রপ্ত করেছেন আকাশ দীপ। আইপিএলের অভিজ্ঞতা সামগ্রিকভাবে আকাশ দীপের খেলাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে নিশ্চিত সৌরাশিস।
Impressive 3⃣-wicket haul 🔝
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
Back-to-back maiden overs 💪
Thrilling finish 💥
Match-winners @HarshalPatel23 & Akash Deep relive @RCBTweets' dramatic finish against #KKR. 👍 👍 - By @ameyatilak
Full interview 🎥 🔽 #TATAIPL | #RCBvKKRhttps://t.co/95V4HzKuZQ pic.twitter.com/Iwj1KeOMCJ












Click it and Unblock the Notifications