IPL 2022: বিরাট রান না পেলেও থাকছেন ইতিবাচক! রশিদ খানকে কী বললেন কিং কোহলি?
বিরাট কোহলি প্রত্যাশার ধারেকাছে পৌঁছাতে পারেননি চলতি আইপিএলে। নেতৃত্ব ছেড়েও দলকে খেতাব এনে দিতে পারেননি। কখনও স্পিনারদের সামলাতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন, কখনও অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। সবরকমভাবেই আউট হয়েছেন এবারের আইপিএলে। যা দেখে বীরেন্দ্র শেহওয়াগ বলেছেন, কেরিয়ারে যত না ভুল করেছেন, তার চেয়ে বেশিবার ভুল করেছেন আইপিএলের এই মরশুমেই।

বিরাট ব্যর্থতা
বিরাট কোহলি এবারের আইপিএলে ১৬ ইনিংসে ৩৪১ রান করেছেন। গড় ২২.৭৩, স্ট্রাইক রেট ১১৫.৯৯। দুটি অর্ধশতরান করেছেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে, তিনটি গোল্ডেন ডাক। গত সপ্তাহে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের আগে বিরাট কোহলি বেশ কিছুক্ষণ কথা বলেন রশিদ খানের সঙ্গে। আফগানিস্তানের তারকা স্পিনারকে ব্যাট উপহার দেন। কথা হয় স্নেক শট নিয়েও।

ইতিবাচক কিং কোহলি
রশিদ খান স্পোর্টস তক চ্যানেলকে বলেন, কথোপকথনের সময়ই তিনি বুঝতে পারেন বিরাট যথেষ্ট ইতিবাচক রয়েছেন। এমনকী বিরাট যে অফ ফর্মে রয়েছেন সেটাও মানছেন না রশিদ। তাঁর কথায়, বিরাট বর্ণময় কেরিয়ারে নিজের খেলার মান যে উচ্চতায় নিয়ে গিয়েছেন সেই তুলনায় প্রত্যাশা এবার পূরণ করতে পারেননি।

শতরান অধরা
২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টের পর বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। রশিদ খানের কথায়, কোহলির শতরান খুব দ্রুতই আসবে। আমরা সকলেই সেই শতরানের অপেক্ষায় রয়েছি, বেশিদিন অপেক্ষা করতে হবে না। বিরাট কোহলি এখনও ৫০, ৬০, ৭০ রান করছেন। টেস্ট ক্রিকেটেও কঠিন সময়ে ক্রিজে পড়ে থেকে বিরাট ৬০, ৭০-এর ঘরে রান করেছেন। কিন্তু তিনি এত শতরান করেছেন এবং নিজের খেলার মান যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তাতে সকলেই চান বিরাট মাঠে নামলেই যেন শতরান করেন।

সেঞ্চুরি শীঘ্রই
রশিদ আরও বলেন, প্র্যাকটিস সেশনে বিরাটের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। সেদিনও বিরাট নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। কোহলি আমাকে বলেছেন, বড় কিছু শীঘ্রই আসছে। নিশ্চিতভাবেই একটা ভালো ইনিংস দ্রুতই খেলতে পারব। আমার কাজ হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখা। উল্লেখ্য, গুজরাত ম্যাচের আগে বিরাট দেড় ঘণ্টা ব্যাট করেন। সেই ম্যাচে ৭৩ রানের ইনিংসও খেলেন। কিন্তু এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার তিনি ব্যর্থ হয়েছেন। জুলাইয়ে ইংল্যান্ডে টেস্টে তাঁর ব্যাটে শতরান আসে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications