IPL 2022: রশিদ খান শততম উইকেট নিয়ে কেকেআরের বিরুদ্ধে গুজরাতকে জেতালেন, গড়লেন কোন কোন নজির?
আইপিএলে শততম উইকেট দখলের জন্য রশিদ খানের অপেক্ষার আজই অবসান ঘটল। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে গুজরাত টাইটান্স। যে জয়ে বল হাতে অবদান রাখলেন আফগানিস্তানের স্পিনার। শততম উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন একাধিক নজির গড়ে। সানরাইজার্স হায়দরাবাদের পর গুজরাত টাইটান্স রশিদের দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এই দলের সহ অধিনায়ক তিনি, আগের ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে দলকে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলে জিতিয়েছেনও। আজ গড়লেন অনবদ্য নজির।

শততম শিকার
১৪তম ওভারের দ্বিতীয় বলে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে কেরিয়ারের শততম আইপিএল উইকেটটি দখল করেন রশিদ। নাইটদের স্কোর তখন ৬ উইকেটে ৯৮। এরপর ১৫.২ ওভারে শিব মাভিকে বোল্ড করে দেন রশিদ। কেকেআরের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১০৮। রশিদ খান এদিন ৪ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন। ৮৩ ম্যাচে রশিদের ঝুলিতে এখন ১০১টি আইপিএল উইকেট।

অপেক্ষার অবসান
রশিদ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ২৮ রানে ১ উইকেট নিয়ে ৯৯তম আইপিএল শিকার নিশ্চিত করেছিলেন। কিন্তু রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে তিনি উইকেট পাননি। আজ কেকেআরের বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাইলস্টোন স্পর্শ করলেন। চলতি আইপিএলে তিনি ৮টি উইকেট পেয়েছেন, সেরা বোলিং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২২ রানে ৩ উইকেট।

নজির গড়ে
সুনীল নারিনের পর দ্বিতীয় বিদেশি হিসেবে শততম আইপিএল উইকেটের মাইলস্টোন ছুঁলেন রশিদ। অমিত মিশ্র ও আশিস নেহরাও নিজেদের ৮৩তম আইপিএল ম্যাচেই এই নজির স্পর্শ করেছিলেন। ফলে অমিত মিশ্রর সঙ্গে রশিদই স্পিনার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের লক্ষ্যে পৌঁছে গেলেন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা শততম আইপিএল উইকেটটি পেয়েছিলেন ৭০তম ম্যাচে, এটি এখনও রেকর্ড। দ্রুততম ১০০ আইপিএল উইকেট দখলের নিরিখে রশিদ পিছনে ফেললেন যুজবেন্দ্র চাহাল (৮৪ ম্যাচ) ও সুনীল নারিন (৮৬ ম্যাচ)-কে।

শীর্ষে ব্র্যাভো
আইপিএলে সর্বাধিক ১৭৯টি উইকেট রয়েছে ডোয়েইন ব্র্যাভোর। এরপর রয়েছেন যথাক্রমে লাসিথ মালিঙ্গা (১৭০), অমিত মিশ্র (১৬৬), যুজবেন্দ্র চাহাল (১৫৭), পীযূষ চাওলা (১৫৭), ভুবনেশ্বর কুমার (১৫১), হরভজন সিং (১৫০), সুনীল নারিন (১৪৯), রবিচন্দ্রন অশ্বিন (১৪৯), জসপ্রীত বুমরাহ (১৩৪), রবীন্দ্র জাদেজা (১৩২), উমেশ যাদব (১৩০), সন্দীপ শর্মা (১১২), আশিস নেহরা (১০৬), আর বিনয় কুমার (১০৫), জাহির খান (১০২) এবং রশিদ খান (১০১)। অক্ষর প্যাটেল আর দুটি উইকেট নিলেই শততম আইপিএল শিকার নিশ্চিত করবেন।












Click it and Unblock the Notifications