IPL 2022: আইপিএলে টিকে থাকতে মুম্বই ম্যাচে হায়দরাবাদের পুঁজি ১৯৩, ত্রিপাঠীর ৭৬, নজির বুমরাহর
আইপিএলের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের জন্য করতে হবে ১৯৪ রান। সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্লে অফের আশা জিইয়ে রাখার ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে। ৪৪ বলে সর্বাধিক ৭৬ রান করেন রাহুল ত্রিপাঠী। রামনদীপ সিং নিয়েছেন তিনটি উইকেট।

ওপেনিং জমেনি
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে পাঁচটি ম্যাচের চারটিতেই পরাস্ত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে এই স্টেডিয়ামে দুটি ম্যাচের একটি করে ম্যাচে জিতেছে ও হেরেছে মুম্বই। সানরাইজার্স হেরেছে দুটি ম্যাচেই। টস জিতে এদিন হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল বলে জানিয়ে অরেঞ্জ আর্মির অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, তিনিও টস জিতে ব্যাটিংই করতেন। এদিন প্রিয়ম গর্গকে দলে নিয়ে তাঁকে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হয়। অভিষেক শর্মা ১০ বলে ৯ রান করে ড্যানিয়েল স্যামসের বলে আউট হন। হায়দরাবাদের ওপেনিং জুটি ভাঙে ২.৪ ওভারে ১৮ রানে।

সুযোগের সদ্ব্যবহার গর্গের
যদিও দলের আস্থার মর্যাদা দিয়ে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান গর্গ। রাহুল ত্রিপাঠীকে নিয়ে তিনি যোগ করেন ৪৩ বলে ৭৮ রান। ৯.৫ ওভারে দলের ৯৬ রানের মাথায় সানরাইজার্স দ্বিতীয় উইকেট হারায়। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে গর্গ ২৬ বলে ৪২ করে রামনদীপ সিংয়ের বলে কট অ্যান্ড বোল্ড হন।

রাহুলের অর্ধশতরান
এরপর রাহুল ত্রিপাঠী ও নিকোলাস পুরাণ তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ বলে ৭৬ রান। ১৬.৫ ওভারে নিকোলাস পুরাণ আউট হলে হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭২। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ক্যারিবিয়ান অধিনায়ক ২২ বলে ৩৮ রান করে রাইলে মেয়ারডিথের শিকার। এরপর ঠিক তৃতীয় বলের মাথাতেই দলের ১৭৪ রানে আউট হন রাহুল। ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৬ রান করেন তিনি। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। রাহুলের পর এই ওভারেই রামনদীপ সিং ফেরান এইডেন মার্করামকে (৪ বলে ২)। ১৮ ওভারে সানরাইজার্সের পঞ্চম উইকেটটি পড়ে ১৭৫ রানে।
|
বুমরাহ ২৫০!
শেষ অবধি সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারের শেষে পৌঁছায় ৬ উইকেটে ১৯৩ রানে। জসপ্রীত বুমরাহ শেষ ওভারে মাত্র ৭ রান দেন। শেষ বলে বোল্ড করে দেন ওয়াশিংটন সুন্দরকে। টি ২০ ক্রিকেটে এটি জসপ্রীতের ২৫০তম শিকার। সানরাইজার্সের প্রথম ৬ ওভারে ওঠে ৫৭ রান এক উইকেটের বিনিময়ে। ৭ থেকে ১৫ ওভারে ৯১ রান ওঠে, পড়ে একটি উইকেট। শেষ পাঁচ ওভারে অবশ্য অরেঞ্জ আর্মি ৪৫ রানের বেশি তুলতে পারেনি, চারটি উইকেট হারানোয়। ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ৭ বলে ৯ রান করেন ওয়াশিংটন সুন্দর।
|
সফলতম রামনদীপ
মুম্বই ইন্ডিয়ান্সের রামনদীপ সিং ৩ ওভার ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। জসপ্রীত বুমরাহর ৪ ওভারে ১১টি ডট বল, ৩২ রান দিয়ে তিনি পেয়েছেন একটি উইকেট। ড্যানিয়েল স্যামস চার ওভারে ৩৯ ও রাইলে মেয়ারডিথ ৪ ওভারে ৪৪ রান দিয়ে একটি উইকেট পেলেন। স্পিনাররা উইকেট পাননি। সঞ্জয় যাদব ২ ওভারে ২৩ রান দেন, ময়াঙ্ক মার্কণ্ডে ৩ ওভারে ৩১ রান খরচ করেন।












Click it and Unblock the Notifications