IPL 2022: নো বল বিতর্কে মাঠে ঢুকে আমরে মনে করালেন ধোনিকে! নিয়ম কি পন্থের দাবিকে সমর্থন করছে?
রাজস্থান রয়্যালসের ওবেদ ম্যাককয়ের শেষ ওভারের তৃতীয় বলটি নিয়ে জোর বিতর্ক। শেষ ওভারে ৩৬ দরকার, এই অবস্থা থেকে রভম্যান পাওয়েল পরপর তিনটি ছক্কা হাঁকান। তবে দিল্লি ক্যাপিটালস শিবিরের দাবি ছিল বলটি নো। ঋষভ পন্থ কুলদীপ যাদব ও পাওয়েলকে মাঠ ছাড়ার ইশারা করেন। থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর দাবি জানানোর ইশারা করে মাঠে ঢুকে পড়েন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে। অনেকটা ২০১৯ সালে মহেন্দ্র সিং ধোনির মতো। ফলে আইপিএলে এই ধরনের ঘটনা অবাঞ্ছিত হলেও নজিরবিহীন বলা চলে না।

কী হয়েছিল ২০১৯ সালে?
২০১৯ সালে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫২ রান তাড়া করছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে দরকার ছিল ১৮। বেন স্টোকসের ওভারের তৃতীয় বলে মহেন্দ্র সিং ধোনি, যিনি ওই ম্যাচের সেরার পুরস্কার পান, ৪৩ বলে ৫৮ রানে আউট হন। তখন জিততে সিএসকের দরকার ৩ বলে ৮। ওভারের চতুর্থ বলেই বিতর্ক। মিচেল স্যান্টনার সেই বলে ২ রান নিয়েছিলেন। সেই বলটিতেও উচ্চতার কারণে নো বল ডাকতে হাত তুলেও পরে নামিয়ে নেন অন ফিল্ড আম্পায়ার। স্কোয়্যার লেগ আম্পায়ার বলেন বলটি নো ছিল না। কিন্তু তৎকালীন সিএসকে অধিনায়ক ধোনি মনে করেছিলেন, বলটি উচ্চতার কারণে নো ছিল। সেই ম্যাচে মাঠে ঢুকে পড়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন ধোনি।

ধোনিকে মনে করালেন আমরে
সেই ম্যাচটিতে অবশ্য শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দিয়েছিলেন মিচেল স্যান্টনার। দিল্লি ক্যাপিটালস অবশ্য গতকালের ম্যাচটি হেরে যায়। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে যেভাবে সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে ঢুকে পড়েন তা সমালোচিত হয়েছে। আর সে কারণেই ঘুরেফিরে চলে আসছে ধোনির উদাহরণ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রবীণ আমরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা হয়েছে। তিনি পরবর্তী ম্যাচে নির্বাসিতও হয়েছেন, অর্থাৎ ডাগ আউটে থাকতে পারবেন না। ঋষভ পন্থের ম্যাচ ফি-র ১০০ শতাংশ ও শার্দুল ঠাকুরের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে।
|
সরব নেটাগরিকরা
ঋষভ পন্থ মহেন্দ্র সিং ধোনিকে গুরু বলে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রিকেট ভক্ত এমনও মন্তব্য করেছেন যে গুরুকে দেখেই চ্যালা এ সব রপ্ত করেছে! কেউ আবার লিখেছেন, ধোনি বা পন্থের মতো যদি বিরাট কোহলি এ কাণ্ড ঘটাতেন তখন বিরাটকে আক্রমণের ঝড় বয়ে যেত। ঋষভ পন্থ যেভাবে দলকে ডাগ আউটে ডেকে নিচ্ছিলেন তা দেখে অনেকেরই মন্তব্য, আইপিএলকে গলি ক্রিকেট বানিয়ে ছেড়েছেন ক্যাপিটালস অধিনায়ক! কারও সরস মন্তব্য টি ২০ ক্রিকেটে প্রথমবার ইনিংস ডিক্লেয়ার করতে গিয়েছিলেন পন্থ!
|
সমর্থন নেই ওয়াটসনের
ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, প্রবীণ আমরেরা যে কাণ্ড ঘটিয়েছেন তাকে সমর্থন করছেন না দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। তাঁকে দেখা গিয়েছে পন্থদের শান্ত করতে। ম্যাচের শেষে ওয়াটসন বলেন, শেষ ওভারে যা হয়েছে তা হতাশাজনক। দিল্লি ক্যাপিটালস এই ঘটনাকে সমর্থন করে না। আম্পায়ার সঠিক বা ভুল যে সিদ্ধান্তই নিন না কেন, তা মানতে বাধ্য সকলেই। কেউ মাঠে ঢুকে পড়বেন এটা মেনে নেওয়া যায় না। এটা মোটেই ভালো হয়নি। যতক্ষণ খেলা বন্ধ হয়ে ছিল তাতে প্রথম তিন বলে ছক্কা হজম করা বোলার ওবেদ ম্যাকক নিজেকে সামলে ফের প্রস্তুত হওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন। যে দুর্ভাগ্যজনকভাবে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল তাতে রাজস্থান রয়্যালসই লাভবান হয়েছে। ছন্দ হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। আম্পায়ারের সিদ্ধান্ত যে মানতে হবে সে কথা পন্থকেও তিনি বোঝান বলে জানিয়েছেন ওয়াটসন।
|
নিয়ম কী বলছে?
ঋষভ পন্থ আম্পায়ারদের উপর ক্ষোভ উগড়ে দেন ম্যাচের শেষে। তিনি এমনও বলেন, যে ঘটনাটা ঘটেছে তা উত্তেজনার বশে। তবে তৃতীয় আম্পায়ার বিষয়টির সুষ্ঠু সমাধান করতে পারতেন বলে দাবি পন্থের। কিন্তু তাঁর এই দাবি ক্রিকেটের নিয়মে লেখা নেই। যেখানে পরিষ্কার বলা হয়েছে, আউট ছাড়া কোনও বলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আম্পায়াররা তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাতে পারেন না। অর্থাৎ ওই বলে যদি ব্যাটার আউট হতেন, তখন সেটা উচ্চতার কারণে নো কিনা তা দেখতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়া যেত। কিন্তু যে কোনও ধরনের আউট, ক্যাচ নিয়ে সংশয় থাকলে, বাউন্ডারি সংক্রান্ত বিষয়, রান আউটে ব্যাটারদের অবস্থান বা সামনের পায়ের অবস্থানের কারণে সেই বলটি নো বল কিনা এ সব সম্পর্কে নিশ্চিত হতেই একমাত্র আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হতে পারেন। কিন্তু গতকালের যে বলটি নিয়ে বিতর্ক তা তৃতীয় আম্পায়ারের কাছে না পাঠিয়ে নিয়ম মেনেই কাজ করেছেন আম্পায়াররা। রিপ্লেতেও দেখা গিয়েছে ওটি নো বল ছিল না। কেন না, যখন পাওয়েলের ব্যাটে বল লাগে তখন তাঁর হাঁটু কিছুটা ভাঁজ হওয়া অবস্থাতেও ছিল। তারই মধ্যে যুজবেন্দ্র চাহাল যেভাবে কুলদীপ যাদবকে ওই উত্তপ্ত পরিস্থিতিতে শান্ত করতে যান সেটাও উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।
Meanwhile Chahal & Kuldeep #pant #noball #pant 😂 pic.twitter.com/A4975pt3uH
— Troyboi™ (@1ove_it786) April 22, 2022
#ChotiBachiHoKya #DCvRR #RRvsDC #DelhiCapitals #RajasthanRoyals #bcci Rishabh Pant
— Ambuj 🇮🇳 (@ambuj_jii) April 22, 2022
No ball issue ;
😂 pic.twitter.com/W0cDSwyQRB
Retweet If you think Pant Was Right and That Ball Was No Ball. pic.twitter.com/77zLsqhZI7
— Ritika Malhotra🇮🇳 (@FanGirlRohit45) April 23, 2022












Click it and Unblock the Notifications