IPL 2022: কেকেআর ম্যাচে কার্তিকের টার্গেট কী? আইপিএলের প্রথম ল্যাপে কারা মন জয় করল পাঠান, রায়না ও কুলকার্নির?
আইপিএলের লিগ পর্বে ১০টি দলই তাদের প্রথম ম্যাচটি খেলে ফেলেছে। জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, গুজরাত লায়ন্স ও রাজস্থান রয়্যালস। ৬১ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোয় ভালো নেট রানের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন সঞ্জু স্যামসনরা। আইপিএল সম্প্রচারকারী টিভি চ্যানেলের তিন বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রথম ল্যাপে কাদের খেলা তাঁদের ভালো লেগেছে।

পাঠানের পছন্দ
আইপিএলে পাঁচটি দলের হয়ে খেলা ইরফান পাঠান স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেছেন, আমি দিল্লি ক্যাপিটালসের লড়াকু মানসিকতার বড় ফ্যান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা এমন জায়গায় ছিল যেখান থেকে তারা হেরেও যেতে পারত। কিন্তু অক্ষর প্যাটেল অনবদ্য ব্যাটিং করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন। মনে রাখতে হবে, এই দলে এখনও ডেভিড ওয়ার্নার যোগ দেননি। আনরিখ নরকিয়াও ফিট না হওয়ায় খেলতে পারছেন না। এই দুই ক্রিকেটার প্রথম একাদশে থাকলে দিল্লি ক্যাপিটালস নিশ্চিতভাবেই আরও শক্তিশালী দল হবে।

পাঞ্জাবে মজে রায়না
আইপিএলের কিংবদন্তি সুরেশ রায়নার মনে ধরেছে পাঞ্জাব কিংসের খেলা। তিনি বলেছেন, যেভাবে প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংস জয় পেয়েছে তাতে তাদের খেলা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। নতুন অধিনায়ক, নিউ-লুক টিম, দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। ২০০-র উপর রান যে দলগত সংহতিতে ভর করে পাঞ্জাব কিংস তাড়া করেছে তাতে এটা প্রমাণিত তাদের দলের কম্বিনেশন সত্যিই ভালো। ভবিষ্যতেও তারা যে ভালো পারফরম্যান্সই উপহার দেবে সেই ইঙ্গিত অন্তত প্রথম ম্যাচে স্পষ্ট।

ধবল মুগ্ধ গুজরাতে
প্রাক্তন ভারতীয় পেসার ধবল কুলকার্নি আস্থা রাখছেন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও গুজরাত লায়ন্সের উপর। তবে সবচেয়ে বেশি তাঁর মনে ধরেছে গুজরাত লায়ন্সের পারফরম্যান্স। ধবলের কথায়, গুজরাত টাইটান্সই আমার মতে এখনও অবধি সেরা দল। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে তরুণ নতুন প্রতিভাদের নিয়ে তৈরি দল প্রথম ম্যাচে খুবই ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে। এই দলের খেলা তাই আমাকে মুগ্ধ করেছে।

কার্তিকের লক্ষ্য
আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে খেলছেন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। পাঞ্জাব কিংস ম্যাচে তিনি চারে নেমে ১৪ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। কার্তিক স্টার স্পোর্টসে ইনসাইড আরসিবি শোয় বলেছেন,আমার লক্ষ্য থাকবে মিডল অর্ডারে যত বেশি সংখ্যক বাউন্ডারি মারা। এটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে প্রত্যেকেই এটা উপভোগ করে থাকেন। প্রতিপক্ষকে টার্গেট দেওয়াই হোক বা রান তাড়া করা, যে কোনও পরিস্থিতিতে পুরানো দলের বিরুদ্ধে নিজের সেরাটা উজাডৃ করে দিতে মুখিয়ে ডিকে।












Click it and Unblock the Notifications