IPL 2022: আইপিএলে রোহিত-রাহুল দ্বৈরথ, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের একাদশ কেমন হবে?
আইপিএলে কাল ডাবল হেডার। প্রথম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে এখনও একটিও ম্যাচে জিততে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ৯ ম্যাচের অন্তত ৮টিতে জিততে হবে প্লে অফে যেতে গেলে। লখনউ সুপার জায়ান্টস ৫টি ম্যাচে জিতেছে ৬টিতে।

প্রথম পাঁচটির মধ্যে একটি জিতেও ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স টানা ৯টি ম্যাচ জিতে আইপিএল খেতাব জিতেছিল। ২০১৪ সালেই মুম্বই ইন্ডিয়ান্স শুরুতে প্রথম পাঁচটি ম্যাচে হেরেছিল। পরের ৯টির মধ্যে ৭টিতে জিতে উঠেছিল প্লে অফে। মুম্বই ইন্ডিয়ান্সের ঘুরে দাঁড়ানোর জন্য এমন অনেক উদাহরণ উল্লেখ করছেন সমর্থকরা। মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রোহিত শর্মা ও কায়রন পোলার্ডের ছন্দে না থাকা। জসপ্রীত বুমরাহ ইয়র্কার দিয়ে বিপক্ষকে বেকায়দায় ফেলার চেষ্টা চালালেও সঙ্গীর অভাব রয়েছে। ব্যাট হাতে অবশ্য সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিসরা ভরসা দিচ্ছেন।

লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং ও বোলিং গভীরতা এতটাই যে ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, দীপক হুডাদের দিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচে বল করানোর প্রয়োজনই পড়েনি। স্টইনিসকে ব্যাট করতে আটেও পাঠানো হয়েছে। তাতেও রাজস্থান রয়্যালস ম্যাচ তিন রানে হেরেছে লোকেশ রাহুলের দল। তাছাড়া ৫ ম্যাচে তিনটিতে জেতা মোটেই হেলাফেলার নয়। একটা পরাজয়ে দলে পরিবর্তনের পথেও তাঁরা হাঁটবে না বলে মনে করা হচ্ছে। তবে স্টইনিসকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স দলে আসতে পারেন টিম ডেভিড ও ফ্যাবিয়ান অ্যালেন। ময়াঙ্ক মার্কণ্ডেকে খেলানো হতে পারে মুরুগান অশ্বিনের জায়গায়। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক লোকেশ রাহুলের আইপিএল দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বাড়তি আগ্রহের কারণ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড বা টাইমাল মিলস, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক মার্কণ্ডে বা মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি বা ফ্যাবিয়ান অ্যালেন।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পাণ্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।












Click it and Unblock the Notifications