IPL 2022: বিরাট-কীর্তি স্পর্শের সামনে রোহিত! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কীভাবে শক্তি বাড়াচ্ছে আরসিবি?
আইপিএলে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে কাল সন্ধ্যায় পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এই ম্যাচটি আরসিবির হোম ম্যাচ। তিনটি ম্যাচের দুটিতে জিতেছে ফাফ দু প্লেসির দল, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স পরাস্ত হয়েছে তিনটি ম্যাচেই। কালকের ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

পারস্পরিক দ্বৈরথ
আইপিএলে পারস্পরিক দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি মুখোমুখি হয়েছে ৩১ বার। ১৯টি ম্যাচেই জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আরসিবি জিতেছে ১২টিতে। যদিও গত মরশুমের আইপিএলে দুবারই আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বইকে হারিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে ২ উইকেটে, ফিরতি সাক্ষাতে দুবাইয়ে ৫৪ রানে। ২০১৯ সালে পারস্পরিক দুটি সাক্ষাতেই জিতেছিল মুম্বই। ২০২০ সালের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছিল।
|
মরিয়া মুম্বই
আইপিএলে প্রথম তিনটি ম্যাচেই পরাস্ত হওয়া মুম্বই ইন্ডিয়ান্সের কাছে নতুন নয়। ২০০৮, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালেও এমনটাই হয়েছিল। এমনকী প্রথম তিনটি ম্যাচে হেরে আইপিএল অভিযান শুরুর পর ২০১৫ সালে চ্যাম্পিয়নও হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বেসিল থাম্পি, টাইমাল মিলস, ড্যানিয়েল স্যামসরা বল করতে গিয়ে প্রচুর রান দিয়ে ফেলছেন। ব্যাট হাতে চেনা ছন্দে নেই রোহিত শর্মা, কায়রন পোলার্ড। কামব্যাক ম্যাচে অবশ্য ঝোড়ো অর্ধশতরান উপহার দিয়ে ভরসা দিয়েছেন সূর্যকুমার যাদব, ফর্মে রয়েছেন তিলক বর্মা। এই পরিস্থিতিতে সতীর্থদের কাছ থেকে আরও মরিয়াভাব ও জয়ের খিদে প্রত্যাশা করছেন অধিনায়ক রোহিত শর্মা। ড্যানিয়েল স্যামসের জায়গায় ফ্যাবিয়ান অ্যালেন ও বেসিল থাম্পির জায়গায় জয়দেব উনাদকাট রোহিতদের একাদশে আসতে পারেন। নজর থাকবে অভিষেকে নজর কাড়া বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসের দিকেও।
|
ছন্দে আরসিবি
আরসিবি অবশ্য দারুণ ছন্দেই রয়েছে। প্রথম একাদশে একটিই পরিবর্তন হতে পারে। শেরফান রাদারফোর্ডের জায়গায় এসে দলের শক্তি বাড়াতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানিন্দু হাসারঙ্গা ব্যাট করতে নামবেন নয়ে, এতে সহজেই অনুমেয় আরসিবির ব্যাটিং গভীরতা। ফলে আরও একবার শক্ত পরীক্ষার মুখেই পড়তে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণকে।
|
নজিরের হাতছানি
রোহিত শর্মা বিরাট কোহলিদের বিরুদ্ধে যদি ৫১ রান করেন তাহলে প্রাক্তন আরসিবি তথা প্রাক্তন ভারত অধিনায়কের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। আর ১০টি চার মারলে আইপিএলে দীনেশ কার্তিকের চারের সংখ্যা হবে ৪০০। ২৭ রান করলে তিনি শেন ওয়াটসনকে টপকে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ১৩ নম্বরে চলে আসবেন। আর একটি উইকেট পেলে আইপিএলে উইকেটপ্রাপ্তির নিরিখে ইমরান তাহিরকে সরিয়ে ৩১ নম্বরে চলে আসবেন হর্ষল প্যাটেল, আইপিএলে তাঁর উইকেট-সংখ্যা ৬৬ ম্যাচে ৮২টি।
|
কেমন হতে পারে দল?
এবার একনজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি বা জয়দেব উনাদকাট












Click it and Unblock the Notifications