IPL 2022: হারের হ্যাটট্রিকে বিচলিত নন রোহিত! আরসিবি ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সকে দিলেন কোন বার্তা?
আইপিএলে প্রথম তিনটি ম্যাচের তিনটিতেই পরাস্ত হয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান তুলে চার ওভার বাকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় এনে দিয়েছেন প্যাট কামিন্স। সেই বেধড়ক ঠ্যাঙানি খাওয়ার অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। কাল তাদের প্রতিপক্ষ আরসিবি।

মাঠে মেজাজ হারাতে দেখা গেলেও রোহিত শর্মাকে অন্য মেজাজে পাওয়া গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে। যেখানে তাঁকে দেখা গিয়েছে সতীর্থদের উদ্বুদ্ধ করতে। হারের হ্যাটট্রিকে বিচলিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন রোহিত। কেকেআর ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের কাছেও হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত বলেন, আমরা ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না। প্রত্যেকের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য। আমরা জিতিও একসঙ্গে, হারের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয় না। আমরা সকলেই এই সহজ ব্যাপারটা মেনে চলি।

ব্যর্থতার এই ধারা কাটিয়ে উঠতে সতীর্থদের কাছ থেকে তিনি কী প্রত্যাশা করছেন তাও স্পষ্ট করে দিয়েছেন রোহিত। তিনি বলেছেন. প্রত্যেককে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে আরও কিছুটা মরিয়া ও প্রত্যয়ী থাকতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্ট যখন আমরা খেলি সেখানে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিপক্ষ আলাদা থাকে, সব সময় তারা নানারকমের পরিকল্পনা প্রয়োগের লক্ষ্যে মাঠে নামে। কিন্তু তার মোকাবিলা করতে হলে প্রতিপক্ষদের চেয়ে আমাদের এগিয়ে থাকতে হবে। ব্যাটে-বলে আরও কিছুটা মরিয়াভাব ও জয়ের খিদে বাড়ালেই সেটা সম্ভব হবে। তবে এখনই দলকে প্যানিকড না হওয়ারই পরামর্শ দিয়েছেন রোহিত। সতীর্থদের বলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি দলগত সংহতি বজায় রেখেই সামলাতে হবে।
𝕀𝕟 𝕥𝕙𝕚𝕤 𝕥𝕠𝕘𝕖𝕥𝕙𝕖𝕣
— Mumbai Indians (@mipaltan) April 7, 2022
Skipper’s message to the entire team 👊💙#OneFamily #DilKholKe #MumbaiIndians #KKRvMI @ImRo45 pic.twitter.com/msWmXrUJD4
রোহিতের কথায়, যে তিনটি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স খেলেছে তাতে বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে। তবে খেলা চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ ওভারে যে করা দরকার সামান্য এদিক-ওদিক করে তা সঠিকভাবে করতে পারলেই ম্যাচ নিজেদের দিকে ঝোঁকানো সম্ভব হবে বলে আত্মবিশ্বাসী আইপিএলের সফলতম অধিনায়ক। তবে প্যানিকড হওয়ার প্রশ্ন নেই। দলে প্রতিভা, দক্ষতার অভাব নেই। শুধু জয়ের খিদে আরেকটু বাড়িয়ে মরিয়া হয়ে ঝাঁপালেই কাঙ্ক্ষিত জয় আসবে বলে নিশ্চিত রোহিত। তিনি বলেন, সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনই মাথা ঝোঁকানোর কিছু হয়নি। বিগত তিনটি ম্যাচেও দলের চরিত্র মাঠে উপস্থাপিত করা গিয়েছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যে ১১ জন খেলবেন মাথা উঁচু করে মাঠে নেমে দলগত সংহতি বজায় রাখতে পারলেই বাজিমাত করা সম্ভব বলে সতীর্থদের বার্তায় জানিয়েছেন রোহিত। সাফল্য ছিনিয়ে নিতে সকলকে একজোট দেখতে চান তিনি।












Click it and Unblock the Notifications