IPL 2022: আরসিবির জন্য সাবধানবাণী মর্কেলের! কোন প্লেয়ার একাই প্রতিপক্ষের রণকৌশল চুরমার করতে পারেন?
আইপিএলে আজ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবিকে ২০১৯ সালের পর থেকে আইপিএলের আসরে হারাতে পারেনি রাজস্থান রয়্যালস। শেষ পাঁচটি সাক্ষাতে চারটিতে আরসিবি জিতেছে, একটি পরিত্যক্ত। তবে ব্যাটে-বলের দাপটে এবার রাজস্থানকে অন্যরকম দেখাচ্ছে শুরু থেকেই।

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় যুগ্মশীর্ষে রয়েছেন ঈশান কিষাণ ও জস বাটলার। দুজনেই ২টি করে ম্যাচ খেলেছেন, রান করেছেন ১৩৫। স্ট্রাইক রেটে সামান্য এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার কিষাণ। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৩৫, বাটলারের ১৪০.৬৩। কিষাণ ও বাটলার চার মেরেছেন যথাক্রমে ১৬ ও ১৪টি, ছয় মেরেছেন যথাক্রমে ৩ ও ৮টি। তবে কিষাণ চলতি আইপিএলে শতরান হাতছাড়া করলেও একমাত্র বাটলারই এখনও অবধি টুর্নামেন্টের একমাত্র শতরানটি পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল স্টার স্পোর্টসে জানিয়েছেন, জস বাটলার বিশ্বের এমন একজন ব্যাটার যিনি প্রতিপক্ষের যাবতীয় পরিকল্পনা ও রণকৌশল নিমেষে চুরমার করে দিতে পারেন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত শতরানকারী জসকে 'দ্য বস' বলে উল্লেখ করে মর্কেল বলেন, এমন ইনিংসের পর বোলারদেরও মেনে নিতেই হয় এটা ব্যাটারের (এ ক্ষেত্রে জস বাটলার) দিনই ছিল। কিন্তু একইসঙ্গে তাঁকে দ্রুত ফেরানোর কৌশলও বের করতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন বাটলার। মাঠের সব প্রান্তে নানারকম শট খেলেছেন। পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিলেন শুরুর দুকে। কিন্তু তারপর চারদিক দিয়ে যেভাবে শট খেলেছেন, তাতে থামানো অসম্ভব হয়ে গিয়েছিল।

মর্কেল আরও বলেছেন, বোলারদেরই বাটলারকে থামানোর জন্য অভ্রান্ত নিশানায় ফোকাস রাখতে হবে, উপযুক্ত লাইন ও লেংথ ঠিক রেখে বল করতে হবে। কেন না, বাটলারের মতো কোয়ালিটি প্লেয়ারদের জন্য এত অর্থ দলগুলি ব্যয় করে যাতে বোলিং ইউনিটকে চাপে ফেলা যায়। বাটলার এমন একজন ক্রিকেটার যাঁকে দ্রুত সাজঘরে ফেরানো না গেলে তিনি একাই ম্যাচ বের করে নিয়ে যাবেন। ধ্বংস করে দেবেন প্রতিপক্ষ অধিনায়কের যাবতীয় পরিকল্পনা ও কৌশল। আইপিএলে এখনও অবধি ৬৭টি ম্যাচে ৮ বার অপরাজিত থেকে ২১০৩ রান করেছেন বাটলার। গড় ৩৬.২৬, স্ট্রাইক রেট ১৪৯.৩৬। ২টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে। গত বছরের আইপিএলে করা ১২৪ রানই তাঁর সেরা আইপিএল ইনিংস।












Click it and Unblock the Notifications