IPL 2022: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও মুম্বই ইন্ডিয়ান্সকে ভোগাল বোলিং, সমস্যা ধরলেন আজহার-শাস্ত্রী
চলতি আইপিএলে হাফ ডজন পরাজয়ের লজ্জা এড়াতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও বড় রানের টার্গেট তাড়া করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। আজকের ম্যাচ নিয়ে ৯টির মধ্যে অন্তত ৮টিতে জিতলে তবেই প্লে অফে যেতে পারবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু আজকের ম্যাচেও রোহিতের দলকে ভোগাল বোলিং। ভালো মানের বোলার না থাকাতেই মুম্বই ইন্ডিয়ান্সের এই বিপর্যয় বলে অভিমত মহম্মদ আজহারউদ্দিনের। হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের ছাড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন রবি শাস্ত্রী।

প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্সের গোড়াতেই গণ্ডগোল রয়েছে। পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হারার পর আজহার এক ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, একটা দলের কখনও একজন ক্রিকেটারের উপর ভরসা রাখা উচিত নয়। ১১ জনের মধ্যে ৮-৯ জন ভালো খেললে তবেই জেতার আশা করা যায়। যদি ২-৩ জন সফল হন, তখন কাজটা সামগ্রিকভাবে কঠিন হয়ে যায়। শুধু সিনিয়র ক্রিকেটারদের উপর দোষারোপ করাও সঠিক নয়। চাপ তাঁরা সামলাবেন এটা প্রত্যাশিত, তবে সব সময়ই সেটা সম্ভব হয়ে ওঠে না। পাঞ্জাব ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ৬ জন ব্যাটার ছিল। সাতে জয়দেব উনাদকাটকে নামতে দেখে সেটা বোঝা গিয়েছে। বিপক্ষও টেল এন্ডারদের সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। ফলে সূর্যকুমার যাদব ভালো ব্যাট করলেও তাঁকে সঙ্গত দেওয়ার মতো কেউ ছিলেন না। মুম্বইয়ের হয়ে যে দু-একজন ভালো খেলছেন তাঁদেরও পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। তাছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং শক্তি খুবই দুর্বল।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ভোগাচ্ছে আজ লখনউ সুপার জায়ান্টস ম্যাচেও। এদিন পাওয়ারপ্লে-র শেষ ওভারে অর্থাৎ ষষ্ঠ ওভারের তৃতীয় বলে লখনউয়ের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় রোহিত শর্মার দল। ততক্ষণে স্কোরবোর্ডে ৫৩ রান উঠে গিয়েছে। বেসিল থাম্পির বলে সুযোগ পাওয়া এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ফ্যাবিয়ান অ্যালেনের ডেলিভারিতে কুউন্টন ডি কক (১৩ বলে ২৪) লেগ বিফোর হন। এরপর দ্বিতীয় উইকেট তুলতে মুম্বইকে অপেক্ষা করতে হয় ১৪তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত। ২৯ বলে ৩৮ রান করে মুরুগান অশ্বিনের বলে যখন মণীশ পাণ্ডে ফেরেন তখন লখনউ সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১২৪। আজহার সাফ বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্স দলে প্রতিপক্ষের উইকেট নেওয়ার মতো ভালো বোলারই নেই। প্রতিপক্ষের উইকেট তুলতে না পারলে ব্যাটারদের কাজ কঠিন হয়ে যায়, তা কোনও টার্গেট দেওয়াই হোক বা রান তাড়া করার ক্ষেত্রে। এই প্রাথমিক জায়গাতেই সমস্যা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। যদি ওভারপিছু ১৪ থেকে ১৬ রান খরচ করেন বোলাররা, তখন ভালো ব্যাটিং শক্তি নিয়েও লাভ হয় না।

ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রীর মতে, হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দেওয়া মুম্বই ইন্ডিয়ান্সের বড় ভুল হয়েছে। শাস্ত্রীর কথায়, আগে ঘরোয়া ক্রিকেট থেকে বাছাই করে ভালো মানের ক্রিকেটারদের নিয়ে দল গড়ত মুম্বই ইন্ডিয়ান্স। সেই দলের অনেকেই আজ প্রতিষ্ঠিত। আগে পাণ্ডিয়া ভাইদের নাম কতজন জানত? বুমরাহ, ক্রুণাল, হার্দিক এই নামগুলি সকলের কাছেই অপরিচিত ছিল। এই ক্রিকেটারদের আইপিএলে নিয়ে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা যখন সেরা জায়গায় পৌঁছেছে, তখন ক্রুণাল, হার্দিকদের মুম্বই ইন্ডিয়ান্স যে ছেড়ে দিয়েছে সেটা দেখে আমি অবাক। উল্লেখ্য, চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়া দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। দুটি অর্ধশতরানের পাশাপাশি ৫ ইনিংসে ২২৮ রান করেছেন। বল হাতে ৪ উইকেট পেয়েছেন, ইকনমি ৭.৫৬। ফিল্ডিংও দারুণ করছেন। যাতে হার্দিকের টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা বলেও অভিমত অনেকেরই।












Click it and Unblock the Notifications