IPL 2022: ভিসা জটিলতায় ফেঁসে ইংল্যান্ডের তারকা, কেকেআর ম্যাচের আগে চিন্তায় চেন্নাই সুপার কিংস
আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু হচ্ছে আগামী শনিবার। ২৬ মার্চ মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের সামনে কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলে কেকেআরকে হারিয়েই খেতাব জিতেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আগেরবারের দলের অনেককেই নিলাম থেকে দলে নিয়েছে চেন্নাই। তবে কেকেআর ম্যাচের আগে চিন্তা বাড়ালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি।

আইপিএল নিলামের আগে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। গত আইপিএলের ফাইনালে যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে তারাই এবার উদ্বোধনী ম্যাচ খেলবে। সেই ম্যাচে মঈন আলি খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও ইংল্যান্ড থেকে ভারতে আসার ভিসাই পাননি মঈন। মঈন আলি ২০১৮ সাল থেকে গত বছর অবধি আইপিএলে ৩৪টি ম্যাচ খেলে ৬৬৬ রান করেছেন, চারটি অর্ধশতরান-সহ। গত বছর ১৫ ম্যাচে তিনি ৩৫৭ রান করেছিলেন, একটি হাফ সেঞ্চুরিও ছিল তার মধ্যে। গত বছর ৬টি উইকেট নেওয়ায় আইপিএল কেরিয়ারে তাঁর উইকেটের সংখ্যা ১৬।

২৮ ফেব্রুয়ারি ভিসার আবেদন করেছিলেন মঈন। ২০ দিন পেরিয়ে গেলেও এখনও ভিসা হাতে পাননি ইংল্যান্ডের তারকা। ভারতেও তিনি আইপিএল খেলতে প্রতি বছরই আসেন, ইংল্যান্ড দলের সঙ্গেও এসেছেন। তারপরও কী কারণে ভারতে আসার ভিসা মঈন পাচ্ছেন না সেটা পরিষ্কার নয় চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের কাছে। তিনি শুধু জানিয়েছেন, আমরা মঈনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। মঈন আশাবাদী, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও কেন ভিসা অনুমোদিত হচ্ছে না সেটা জানি না। ভিসা পেলে পরের বিমানেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন মঈন। তিনি চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছেন।

চেন্নাই সুপার কিংস আইপিএলের আগে প্রস্তুতি শিবির চালাচ্ছে সুরাটে। মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ুডুরা চলতি মাসের প্রথম থেকেই শিবিরে রয়েছেন। একে একে যোগ দিচ্ছেন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা। মঈন আলিকেও ভারতে আসার পর থাকতে হবে তিন দিনের নিভৃতবাসে। টেস্ট থেকে অবসর নেওয়ায় মঈন এখন ইংল্যান্ড দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই। সেটা হলে বাবল টু বাবল ট্রান্সফারই হতো। এই পরিস্থিতিতে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঈনের নামার সম্ভাবনা নেই বললেই চলে।












Click it and Unblock the Notifications